স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সব কিছুই এখন ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে। নতুন রাষ্ট্রপতি নিয়োগে ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দেখতে পাচ্ছি।
তিনি বলেন, আওয়ামী লীগ একটি ঐতিহাসিক রাজনৈতিক দল। এখানে অনেক পোড়খাওয়া নেতা রয়েছে। আশা করেছিলাম আওয়ামী লীগ থেকে একজন পোড়খাওয়া বর্ষিয়ান নেতাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিবে। আসলে তা হয়নি।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) নতুন রাষ্ট্রপতি নিয়ে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগের এমপিদেরও মতামত নেওয়া হয়নি। ব্যক্তিকেন্দ্রিকভাবে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে দলের এমপিদের গোপনে ভোট দেওয়ারও সুযোগ হয়নি। এ থেকেই বোঝা যায় সব কিছুই ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে।
নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্রপতি পদটি খুবই গুরুত্বপূর্ণ ও মর্যদার পদ। পদের মর্যদা অক্ষুন্ন রাখতে দলীয় পরিমণ্ডল থেকে বেরিয়ে এসে তাকে অভিভাবকের ভূমিকা পালন করতে হবে। যদি তিনি পারেন তবে রাষ্ট্রপতি পদের মর্যাদা রক্ষা করবেন এবং জনগণের মাঝে অভিভাবকের পরিচিতি লাভ করবেন।
সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ