আন্তর্জাতিক ডেস্ক
ক্রিমিয়ার উপকূলে একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করছে ইউক্রেন সামরিক বাহিনী। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দাদের দাবি, ক্রিমিয়া উপদ্বীপে প্রথমে বড় আকারের ক্ষেপণাস্ত্র চালানো হয়। পরে কৃষ্ণ সাগরে রুশ নৌবহর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। সিএনএন-এর খবর।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী জানিয়েছে, রাশিয়ার গাইডেড মিসাইলবাহী যুদ্ধজাহাজ ইভানোভেটস ক্রিমিয়ার গভীরতম হ্রদ ডোনুজলাভের বন্দরে ডুবে গেছে। ইউক্রেনীয় সমরাস্ত্রের একাধিক আঘাতে জাহাজটি ডুবে যায়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
ইউক্রেন কর্তৃপক্ষ একটি ভিডিও ফুটেজ গণমাধ্যমে সরবরাহ করেছে। এতে দেখা যায়, কয়েকটি নেভাল ড্রোন রুশ জাহাজে হামলা চালিয়েছে। এতে জাহাজটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে ইউক্রেনের দাবি যাচাই করতে পারেনি। কোন জাহাজটিতে কখন এবং কোথায় আঘাত করা হয়েছিল তা ফুটেজ থেকে স্পষ্ট নয়।
এ ঘটনায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রেমলিন এবং অন্যান্য স্তরের রুশ কর্মকর্তা এখনও কোনো মন্তব্য করেননি।
সারাবাংলা/আইই