মু. সাইফুল ইসলাম
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরে নকল ও নিম্নমানের ঘি বিক্রির অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে প্রায় ৩৫০ কেজি নিম্নমানের ঘি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুর এলাকায় এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে আল-মদিনা, মামনী ও এপি-১ নামীয় ঘির ডিলারশিপের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যয় ট্রেডার্সের স্বত্বাধিকারী নেপুন চন্দ্র দাসকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ এ অর্থদণ্ড দেন।
এ সময় ঘটনাস্থল থেকে জব্দ করা প্রায় ৩৫০ কেজি নিম্নমানের ঘি জনসম্মুখে ধ্বংস করা হয়।
লক্ষ্মীপুরের নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্ত্তীর সার্বিক সমন্বয়ে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন ডিএসআই গৌরপদ সাহা, নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লাহিল হাকিম, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. তাজুল ইসলাম এবং এনএসআইয়ের প্রতিনিধিরা।
অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল লক্ষ্মীপুর ডিবি পুলিশের একটি দল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে খাদ্যে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।