মোঃআশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ::
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে শেষকৃত্য সম্পন্ন করতে যাওয়া লাশবাহী একটি গাড়িতে টোল আদায়কে কেন্দ্র করে নিহতের স্বজনদেরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে টোল আদায়কারীদের বিরুদ্ধে। এনিয়ে পরে টোল প্লাজায় ব্যাপক ভাংচুর চালিয়েছে নিহতের স্বজনরা। এ ঘটনায় দুই টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, টোল আদায়কারী শফিকুল ইসলাম ও আব্দুস সোবহান।
মঙ্গলবার (০৯ মে) সন্ধ্যা ৭টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তি হলেন, নিহতের চাচাতো ভাই লালচাঁন চৌধুরী (৫০)।
নিহতের স্বজন, আহত ব্যক্তি, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, জেলা শহরের হুজরাপুর ঠাকুরবাড়ি এলাকার প্রেম লাল চৌধুরী মঙ্গলবার (০৯ মে) বেলা ১১টায় হার্ট অ্যাটাক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরদেহ বাসায় নেয়ার পর সন্ধ্যা শিবগঞ্জ উপজেলার তত্তীপুর শ্মশানঘাটে শেষকৃত্য করার জন্য স্বজন ও প্রতিবেশীরা রওনা দেয়৷ বিকেল টোল প্লাজায় গেলে টোল না দিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় টোল আদায়কারীরা। পরে নিহতের স্বজনদের রড ও লোহার পাইপ দিয়ে বেধড়ক পেটায় তারা।
আহত লালচাঁন চৌধুরী জানান, আমরা শুধুমাত্র অনুরোধ করেছি, টাকা না দেয়ার। এরপরই বিভিন্ন বাজে ভাষায় গালিগালাজ শুরু করে টোল আদায়কারীরা। এর প্রতিবাদ করা মাত্রই আদায়কারীরা সংঘবদ্ধ হয়ে লেহার পাইপ ও রড দিয়ে মারতে থাকে। এসময় বাকি স্বজন ও স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। বাকিরা লাশের সাথে গেছে। কিন্তু আমার শরীরের বিভিন্ন স্থানে যখম ও আঘাতের কারনে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।

এবিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি বলেন, সংখ্যালঘুদের ওপর এমন হামলা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। ঘটনার খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে ছুটে গেছি। এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট এমন ন্যাক্কারজনক ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবি করছি।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মরদেহবাহী একটি গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সদর থানা পুলিশ। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সেতুতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।