জেলা প্রতিনিধি, শরীয়তপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে তাবুকের যুদ্ধের ঘটনা ও শিক্ষা তুলে ধরে সংগঠনের নেতাকর্মীদের ইসলামী আদর্শ ও নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় শরীয়তপুর জেলা মডেল মসজিদের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক। বক্তব্যে তিনি তাবুকের যুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে এর ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য আলোচনা করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর জেলা শাখার উপদেষ্টা মাওলানা আবু বকর, জেলা সভাপতি অ্যাডভোকেট সরদার মো. মানিক মিয়া, সহসভাপতি হাফিজুর রহমান শরীয়তপুরী, সহসভাপতি মুফতি সাইফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহিদ হাসান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুন্সি মুরাদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বেলাল মোল্লা।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়তপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি নাজমুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীয়তপুর পৌরসভা শাখার সভাপতি মাস্টার দেলোয়ার হোসেন ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল ইসলাম।
সম্মেলনের পর শরীয়তপুর সদর উপজেলা ও পৌরসভা শাখার নতুন দায়িত্বশীল নির্বাচন করা হয়। এতে সদর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা সিদ্দিকুর রহমান, সহসভাপতি মুফতি নাইমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
অন্যদিকে শরীয়তপুর পৌরসভা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মাস্টার দেলোয়ার হোসেন, সহসভাপতি তানভীর আহমেদ বেলাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরে আলম ঝন্টু।
নতুন দায়িত্বশীলরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।