সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। যারা আমাদের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পেছনে বাধা হয়ে দাঁড়াবে তাদের আমরা জনগণকে সাথে নিয়ে মোকাবিলা করব। দেশে যখন শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার ইশতেহার বাস্তবায়নের কার্যক্রম শুরু করেছে তখনও একটি গোষ্ঠী আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, যারা দেশের মানুষকে শান্তি দিতে পারে না তারাই ষড়যন্ত্র করে। তাদের বলব এখনও সময় আছে শান্তি ও সুশৃঙ্খলতার পথে ফিরে আসুন। দেশের মানুষকে নিয়ে ভাবুন। মানুষ নিয়ে সত্যিকারের রাজনীতির পথে ফিরে আসুন।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় পি ডব্লিউ ডি স্টাফ কোয়ার্টারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসায় সিক্ত একটি দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি আওয়ামী লীগ ও দেশের জনগণকে সাথে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা মানুষের কল্যাণের রাজনীতিতে বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের শোষণ ও বৈষম্যের মুক্তির জন্যই লড়াই সংগ্রাম করেছেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা শেখ হাসিনা নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চাই। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা তার সাথে আছি। এদেশের মানুষই আমাদের আস্থা ও ভরসা। তারাই আমাদের ঠিকানা ও আশ্রয়স্থল। আমাদের জবাবদিহিতা হলো তৃণমূলের মানুষের কাছে। আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। আমরা ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মানুষের ভালোবাসা অর্জন করতে চাই। আমাদের বিবেকবোধ, দায়িত্ববোধ ও কর্তব্যবোধ এ দেশের মানুষের সেবা করার জন্য আরও শক্তিশালী করবে।
আওয়ামী লীগের নেতাকর্মীরা নাকি পুলিশ ছাড়া চলতে পারে না, বিএনপি নেতাদের এমন কথার জবাবে বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা কখনও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবজ্ঞা করিনি। আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রয়োজন আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভর করে আওয়ামী লীগের সৃষ্টি হয়নি। আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমরা দেশের মানুষকে ভালবাসি। আমরা চাই বাংলাদেশকে বিশ্ব দরবারে আসন দিতে।
শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলিপ রায়, আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মিরাজ হোসেন মিরাজ, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাসার, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
সারাবাংলা/এনআর/ইআ