সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ সময় দেখুন
শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদে হোল্ডিং ট্যাক্স আদায়কে কেন্দ্র করে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থ আদায়, রসিদে টাকার অঙ্কের গরমিল, স্বাক্ষরবিহীন রসিদে টাকা আদায়সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানেও হোল্ডিং ট্যাক্সের রসিদে বড় ধরনের আর্থিক অসংগতি পাওয়া গেছে। একটি রসিদে মূল কপির সঙ্গে কার্বন কপির টাকার অঙ্কে ৩ হাজার ৭৯২ টাকার পার্থক্য দেখা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের সঙ্গে আনোয়ারার নাঈম উদ্দীন নামের এক ব্যক্তির হোল্ডিং ট্যাক্স আদায়ের বিষয়ে চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, তিনি ও তার অধীনে কর্মরত ব্যক্তিরা মাঠপর্যায়ে হোল্ডিং ট্যাক্স আদায় করবেন এবং আদায়কৃত অর্থের ২০ শতাংশ তাদের দেওয়ার কথা রয়েছে। এ চুক্তির পর থেকেই নাঈম উদ্দীন ও তাঁর অধীনে কর্মরত ব্যক্তিরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্যাক্স আদায়ের কাজ শুরু করেন।

তবে সরকারি রাজস্ব আদায়ের দায়িত্ব বেসরকারি ব্যক্তিদের হাতে তুলে দেওয়া এবং আদায়কৃত অর্থের ২০ শতাংশ দেওয়ার চুক্তির আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রশ্ন, এ ধরনের নিয়োগের ক্ষেত্রে সরকারি কোনো বিধিমালা বা অনুমোদন রয়েছে কি না? চুক্তিটি ইউনিয়ন পরিষদের কোন সিদ্ধান্তের ভিত্তিতে করা হয়েছে? পরিষদের সভায় এ বিষয়ে কোনো রেজুলেশন হয়েছে কি না, তা-ও জানতে চান তাঁরা।

স্থানীয়দের আরও প্রশ্ন, সরকারি অর্থ আদায়ের দায়িত্ব দিয়ে আদায়কৃত অর্থের একটি অংশ ব্যক্তিগতভাবে দেওয়ার সিদ্ধান্ত কতটুকু নিয়মসম্মত? এ কমিশনের অর্থ কোন খাত থেকে দেওয়া হচ্ছে এবং এর হিসাব কীভাবে সংরক্ষণ করা হচ্ছে? এ ছাড়া কর্ণফুলী উপজেলায় বিপুলসংখ্যক শিক্ষিত বেকার যুবক থাকা সত্ত্বেও অন্য উপজেলা থেকে লোক এনে এ দায়িত্ব দেওয়ার কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

এক রসিদেই ৩৭৯২ টাকার গরমিল

অনুসন্ধানে হোল্ডিং ট্যাক্সের রসিদে বড় ধরনের আর্থিক গরমিলের একটি ঘটনা সামনে এসেছে। শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিনের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স বাবদ ৫ হাজার ৬৮৮ টাকা আদায়ের একটি মূল রসিদ পাওয়া গেছে। কিন্তু ওই রসিদের সংরক্ষিত কার্বন কপি যাচাই করে দেখা যায়, সেখানে টাকার পরিমাণ উল্লেখ রয়েছে ১ হাজার ৮৯৬ টাকা। অর্থাৎ একই হোল্ডিং ট্যাক্সের মূল রসিদ ও কার্বন কপির মধ্যে ৩ হাজার ৭৯২ টাকার গরমিল পাওয়া গেছে।

এ ছাড়া বিভিন্ন স্থানে রসিদের তথ্যের ভিন্নতা, স্বাক্ষর ছাড়া অর্থ আদায় এবং নির্ধারিত অর্থের চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগও উঠেছে। এতে আদায়কৃত অর্থের প্রকৃত পরিমাণ, রসিদ সংরক্ষণ এবং সরকারি কোষাগারে অর্থ জমার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ধরনের গরমিলের ঘটনা আর কতটি ঘটেছে, তা জানতে সব রসিদ ও আদায়ের হিসাব নিরীক্ষা করা প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

সুপারভাইজারের স্বীকারোক্তি, দায় মাঠকর্মীদের

এ বিষয়ে হোল্ডিং ট্যাক্স আদায়ের দায়িত্বে থাকা সুপারভাইজার নাঈম উদ্দীনের কাছে জানতে চাইলে তিনি রসিদে অনিয়মের বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি, মাঠপর্যায়ে তার অধীনে কর্মরত ব্যক্তিরাই এসব অনিয়ম করেছেন। তাঁদের কারসাজির কারণেই রসিদে টাকার অঙ্কের গরমিল হয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিব রসিদে গরমিলের বিষয়টি স্বীকার করে বলেন, সংশ্লিষ্টদের জামানত রয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চুক্তির বিষয়টি নিশ্চিত করলেন চেয়ারম্যান, অতিরিক্ত টাকা ফেরতের আশ্বাস

এ বিষয়ে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি নাঈম উদ্দীনের সঙ্গে হোল্ডিং ট্যাক্স আদায়ের চুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তবে মাঠপর্যায়ে কর্মরত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ তাদের কর্মকাণ্ডের কারণে হয়েছে বলে জানান তিনি। প্রয়োজনে ভুক্তভোগীদের ইউনিয়ন পরিষদে এসে যোগাযোগ করার আহ্বান জানান চেয়ারম্যান। পাশাপাশি অতিরিক্ত টাকা আদায়ের প্রমাণ পাওয়া গেলে তা ফেরত দেওয়ার আশ্বাসও দেন তিনি।

তবে চেয়ারম্যানের বক্তব্যের পরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর স্পষ্ট হয়নি। সরকারি রাজস্ব আদায়ের জন্য বেসরকারি ব্যক্তিদের সঙ্গে ২০ শতাংশ কমিশনে চুক্তি করার অনুমোদন কে দিয়েছেন? চুক্তির পেছনে ইউনিয়ন পরিষদের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা রেজুলেশন রয়েছে কি? চুক্তির লিখিত কপি ও নিয়োগসংক্রান্ত নথি কোথায়? আদায়কৃত অর্থের কত অংশ সরকারি কোষাগারে জমা হয়েছে এবং ২০ শতাংশ কমিশন বাবদ কত টাকা দেওয়া হয়েছে?

একইভাবে, মাঠপর্যায়ে কর্মীরা যদি অনিয়ম করে থাকেন, তাহলে তাদের নিয়োগ, তদারকি ও আদায়কৃত অর্থের হিসাব যাচাইয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা কীভাবে বিষয়টি নজরদারির বাইরে রাখলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে। একটি রসিদে ৩ হাজার ৭৯২ টাকার গরমিল পাওয়া গেলে পুরো ইউনিয়নের আদায়কৃত অর্থ ও রসিদ বই নিরীক্ষা করা কতটা জরুরি, সেটিও সামনে এসেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, হোল্ডিং ট্যাক্স আদায়ের পুরো প্রক্রিয়া, ২০ শতাংশ কমিশনে চুক্তির বৈধতা, নিয়োগপ্রক্রিয়া এবং আদায়কৃত অর্থের হিসাব নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। পাশাপাশি মূল রসিদ ও কার্বন কপি যাচাই করে প্রকৃত আর্থিক গরমিল নিরূপণ, অতিরিক্ত আদায় করা অর্থ ফেরত এবং অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সরকারি রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ কাজে এমন আর্থিক অসংগতি ও অভিযোগের পর পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা এখন স্থানীয় বাসিন্দাদের প্রধান দাবি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর