সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু করবে টানা ১৪ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। আগামীকাল শুক্রবার (১৭ নভেম্বর) দুপুর ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে ভার্চুয়ালি এই মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রমের উদ্বোধন করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তেজগাঁও জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি কার্যালয় থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর নিজের জন্য দলীয় ফরম সংগ্রহ করবেন তিনি। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এর আগে, গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণ দেন এবং আগামী জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন। এ উপলক্ষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তফশিল ঘোষণার পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১৭ নভেম্বর (শুক্রবার) জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা জেলা অফিসে অনুষ্ঠিত হবে। আর একই সময়ে (কেন্দ্রীয় কার্যলয়ে) নেত্রীর (শেখ হাসিনা) উদ্বোধনের মাধ্যমে মনোনয়নপত্রও বিক্রি শুরু হবে। অফিসে প্রত্যেক বিভাগের জন্য আলাদা আলাদা বুথ করা আছে। ২৩ নম্বর থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন প্রধানমন্ত্রী। এরপর সবার জন্য মনোনয়নপত্র বিক্রি ও জমাদান প্রক্রিয়া শুরু হবে।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হবে। মনোনয়ন ফরম বিক্রি ও জমা নিতে সেখানে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দুটি করে এবং বাকি ছয়টি বিভাগের জন্য একটি করে মোট ১০টি বুথ স্থাপন করা হবে। পাশাপাশি এবারই প্রথম অনলাইনে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার প্রক্রিয়াও চালু করছে আওয়ামী লীগ। ৫০ হাজার টাকা জমা দিয়ে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
গতাকল বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে।
তফসিল অনুযায়ী, বাছাইয়ে বৈধ প্রার্থীরা ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর প্রতিদ্বন্দ্বী চূড়ান্ত প্রার্থদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। ওই দিন থেকেই তারা প্রচার শুরু করতে পারবেন। প্রচারণা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রচার শুরুর ২০ দিন পর ৭ জানুয়ারি ভোট নেওয়া হবে।
সারাবাংলা/এনআর/এনএস