
নিজস্ব প্রতিবেদক ::
একজন নারী সাংবাদিকের নামে কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রোপাগাণ্ডা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের প্রতিবাদে জাকির হোসেন ইমনকে অবিলম্বে জাতীয় প্রেস ক্লাবসহ সকল সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)। শনিবার (৩০ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই সংগঠনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
এ সময় বানাসাস’র কোষাধ্যক্ষ ইশরাত ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সাবেক নির্বাহী পরিষদ সদস্য মফিদা আকবর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির কোষাধ্যক্ষ রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু, পরিচালক জয়নাল আবেদীন, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সহ-সভাপতি শাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোক্তাদির অনিক, বর্তমান যুগ্ম সম্পাদক জাওহার ইকবাল খান, নির্বাহী সদস্য ফারজানা জবা, নির্বাহী সদস্য জাফরুল আলম, নির্বাহী সদস্য মনির হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের নির্বাহী সম্পাদক কে এম শাহীন আলম চৌধুরী, বানাসাস’র দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার মুন্নি, নির্বাহী সদস্য শাহীন আরা ইয়াসমিন, নির্বাহী সদস্য দীপা ঘোষ রিতা, নির্বাহী সদস্য রারজানা সুলতানা, নির্বাহী সদস্য দৌলতুননেছা রেখা, হালিমা আক্তার, লাভলী ইয়াসমিন, সালমা আক্তার, সানিয়া সুলতানা, আমিনা ফেরদৌসী, সাংবাদিক হান্নান সরকার, সাংবাদিক মো. ইব্রাহীম হোসেন, আনোয়ার হোসেন অপু, ইসমাইল হোসেন টিটু প্রমুখ।
বক্তারা সাংবাদিক জাকির হোসেন ইমনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বলেন, আমরা চাই এই ধরনের ঘৃণিত কাজ আর যাতে পুনরাবৃত্তি না হয়। ইমন প্রায় দীর্ঘদিন ধরে এই নারী সাংবাদিকের বিরুদ্ধে এই ধরনের কুরুচিপূর্ণ ও মানহানিকর প্রোপাগাণ্ডা ছড়িয়ে আসছিল। জাকির হোসেন ইমনকে যারা এই অপপ্রচার করতে সহায়তা করেছে বা ইন্ধন দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে উদাত্ত আহবান জানান।
বক্তারা আরো বলেন, একজন নারী যখন উপরের দিকে উঠতে চায় তখনই তাকে নিচের দিকে টেনে ধরা হয়। এই অসুস্থ মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতে আর কোনো নারীকে এভাবে কোনো খারাপ মানুষের দ্বারা যেন অসম্মানিত হতে না হয় এটাই আমাদের প্রত্যাশা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক সমকালের জাকির হোসেন ইমনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত এই নির্দেশ দেয়।
এর আগে গত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি ইমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ।
অপরদিকে গত ২৬ অক্টোবর মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা এলাকার নিজ বাসা থেকে জাকির হোসেন ইমনকে গ্রেপ্তার করা হয়।