মো. আল-আমিন, শরীয়তপুর:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শরীয়তপুরে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন অতিথিরা।
কর্মসূচিতে নেতৃত্ব দেন শরীয়তপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ভিপি নাজমুল হক বাদল।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। চারা বিতরণকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। চারা হাতে পেয়ে অনেক শিক্ষার্থী বিদ্যালয় প্রাঙ্গণের পাশাপাশি নিজ নিজ বাড়িতে গাছগুলো রোপণ ও পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করা হলে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় আরও সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় ভিপি নাজমুল হক বাদল বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবেই আমাদের এ প্রয়াস। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর মাধ্যম। পরিকল্পিতভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হলে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কার্বন ক্রেডিটের মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবেও লাভবান হতে পারে।’
তিনি আরও বলেন, ‘একটি সুস্থ, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। শুধু চারা বিতরণ করলেই হবে না, গাছগুলো রোপণ ও নিয়মিত পরিচর্যার দায়িত্বও নিতে হবে।’
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্প্রসারণের আহ্বান জানান।