স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সরকারি দলের ক্যাডাররা কন্ট্রাক্ট কিলিং ও টার্গেট কিলিংয়ে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (১৮ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন,’দেশবাসী ভোট, পার্লামেন্ট হারিয়েছে, গণতন্ত্র ও আইনের শাসন হারিয়েছে, হারিয়েছে সংবাদপত্রের স্বাধীনতা। শেষমেষ হারাতে বসেছে জীবন। যারা গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য সংগ্রাম করছে তারা বর্তমান মারাত্মক দুর্দিনের মধ্যে দিনযাপন করছে।
‘বর্তমান শাসকগোষ্ঠী জনগণ কর্তৃক ধিকৃত হয়ে রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল অবস্থার সৃষ্টি করে সহিংসতা আর হত্যাকেই শ্রেষ্ঠ সমাধান হিসেবে মনে করছে। বিএনপিসহ গণতন্ত্রকামী মানুষদের বিরুদ্ধে সরকারি দলের ক্যাডাররা কন্ট্রাক্ট কিলিং ও টার্গেট কিলিংয়ে মেতে উঠেছে’— বলেন রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘দুই দিন আগে জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসীরা। একদিকে সরকারি দলের ক্ষমতা, অন্যদিকে উর্ধ্বতন একজন পুলিশ কর্মকর্তার ভাই হওয়ায় বাবু চেয়ারম্যান এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। হত্যা যেন তার কাছে খেলা।
রিজভী বলেন,’নড়াইল জেলার লোহাগড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি সদস্য মো. রাহাদুল আমিন রবিনের ওপর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শেখ কামাল পারভেজ (শোয়েব), ওসমান, অনিক, শহিদুল, আবিদ, আলফাজ, জিসানসহ অজ্ঞাত ১০/১৫ জন ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র ক্যাডার অতর্কিতে হামলা চালিয়ে গুরুতর জখম করেছে।’
‘আমরা আগেই জানিয়েছিলাম- চট্টগ্রামের তারুণ্যের সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে মীরেরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাতকে নির্যাতন ও গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের ঘটনা। সেখানে নির্যাতনের খবর পেয়ে নুসরাতের মা কহিনুর বেগম ছুটে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়। জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন ও ডিউটি অফিসার সঞ্জয় কুমার সাহা তার অভিযোগ গ্রহণ না করে উল্টো নাদিয়া নুসরাতকে ২০২২ সালের একটি গায়েবি মামলায় গ্রেফতার করা হয়। একটি মনুষ্যত্বহীন সরকার ক্ষমতায় আছে বলেই নারীরা আতঙ্কে বাস করছে’— বলেন রিজভী।
তিনি বলেন, ‘বরিশালের গৌরনদী উপজেলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি কামরুজ্জামান দুলাল দলীয় সমাবেশে যোগদান শেষে ঢাকা ফেরার পথে মাহিলারা বাসস্ট্যান্ডে আত্মীয় জাকির হোসেনের আড়তে বসে চা পান করে ঢাকা উদ্দেশ্যে রওনা হন। পরবর্তীতে স্থানীয় মালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলমগীর কবিরাজের নেতৃত্বে একদল সন্ত্রাসী আড়তে তালা ঝুলিয়ে দেয়।‘
রিজভী বলেন,’এই বাংলাদেশের জন্য কি ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, ২ লক্ষ মা-বোন নির্যাতিত সয়েছিল? আওয়ামী সরকারের আমলে বিরোধীদের জীবন কাটে হামলা-মামলা-গুমের আতঙ্কে। নিষ্ঠুর রাজদণ্ড এখন প্রতিনিয়ত নির্মমভাবে নির্বিচারে নেমে এসেছে জনগণের পিঠে। গুম-খুন-ক্রসফায়ারের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছে। এর ওপর অবিরামভাবে প্রধানমন্ত্রীর অগ্নিগরল বক্তৃতা ও তাঁর সাঙ্গপাঙ্গদের কটুক্তি পেশী প্রদর্শন ও উগ্রচণ্ড প্রতাপে চারিদিকে বিরাজ করছে নৈরাজ্যের অমানিশা। নির্দয় রুদ্র শাসনের অভিঘাতে দেশে নারীদের জীবন এখন সবচাইতে নিরাপত্তাহীন। আওয়ামী সন্ত্রাসীরা মনে হয় দেশব্যাপী মধ্যযুগীয় উইচ হান্টিংয়ের অমানবিকতার পুনরাবৃত্তির প্রতিযোগিতা করছে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু,যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন,হাবিব উন নবী খান সোহেল,সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু,নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু,আব্দুস সাত্তার পাটোয়ারী, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।
সারাবাংলা/ এজেড/ এনইউ