স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলনের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট, এই সরকারকে অবশ্যই সরে যেতে হবে এবং সরে গিয়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ বিলুপ্ত করতে হবে। একটা নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে—এই লক্ষ্যেই আমরা এগুচ্ছি। আমাদের আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। ১০ তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে সারা দেশে। এরপর আবার নতুন কর্মসূচি জানাব আপনাদের। এই আন্দোলন চলবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা চলছে। ন্যুনতম যে কর্মসূচি, সেগুলো নিয়ে কথা বলছি। আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যে এটাকে চূড়ান্ত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব।’
গত ২২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশ বিশেষ করে নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নরসিংদী, ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল,মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ,লক্ষ্মীপুর, যশোর, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, ব্রাক্ষ্মনবাড়ীয়া, কুমিল্লা, চাঁদপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, জামালপুর ও ময়মনসিংহে দলীয় কর্মসূচি পালনের সময়ে ক্ষমতাসীন দল ও পুলিশি হামলার ঘটনায় হতাহত ও গ্রেফতার তালিকা তুলে ধরেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘সারাদেশে নিহত হয়েছে তিনজন, আহত হয়েছে ২ হাজারের অধিক নেতা-কর্মী। গ্রেফতারের সংখ্যা ২০০ জনের অধিক। সারাদেশে নাম উল্লেখ করে আসামী করা হয়েছে প্রায় ৪ হাজার ৮১ জনের অধিক নেতা-কর্মীর বিরুদ্ধে এবং অজ্ঞাত আসামী প্রায় ২০ হাজার। সারাদেশে ১৪৪ ধারা জারি করা হয়েছে ২০/২৫টি স্থানে ও বাড়িঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়েছে ৫০টি স্থানে।’
ফখরুল বলেন, ‘কর্তৃত্ববাদী গণবিরোধী ফ্যাসিস্ট সরকার বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষদের হত্যা, গ্রেফতারের যে অপতৎপরতা অব্যাহত রেখেছে তা বন্ধের আহ্বান জানাচ্ছি। যারা নিহত হয়েছে, তাদের নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছি। হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে। সরকার যদি অশুভ তৎপরতা বন্ধ না করে, তাহলে জনগণের ঐক্যের যে আন্দোলন শুরু হয়েছে, তা ক্রমান্বয়ে গণবিস্ফোরণে পরিণত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘শাওন হত্যা মামলা আমরা আজকে দায়ের করেছি। ২২ জনকে আসামী করে এই মামলা দায়ের করা হয়েছে। আমরা প্রত্যেক খুন-জখম-হত্যার বিরুদ্ধে অবশ্যই আইনি লড়াই চালিয়ে যাব এবং রাজপথের আন্দোলন আরও বেগবান করব।’
বিএনপি মহাসচিব বলেন, ‘রাজপথের আন্দোলনে অলরেডি জনগণ সম্পৃক্ত হচ্ছে— এটাতেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে গেছে। জনসমুদ্র দেখে তারা ঘাবড়ে গেছে, ভয় পেয়েছে। এজন্য তারা পাল্টা ভয় দেখাতে শুরু করেছে।
‘মিয়ানমার সীমান্তে মর্টারশেল প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আসল কথা হচ্ছে একটা অনির্বাচিত সরকার দিয়ে এসব হয় না। যারা নির্বাচিত না, যাদের পিপলস সাপোর্ট নেই তাদের তো শক্তি থাকে না। এই সরকারের তো কোনো শক্তি নেই। সে টিকে আছে অন্যদের শক্তিতে। যে কারণে তার নিজের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া প্রয়োজন সেই ভূমিকা নিতে পারছে না।’
‘ওই বিদেশিদের দ্বারা প্রভাবিত হয়ে তাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। যেটা আমি সব সময় বলি একটা নতজানু পররাষ্ট্র নীতি-এটা ছাড়া সে টিকেও থাকবে না। সেজন্য ওটাই সে করে। এই ঘটনার যেভাবে প্রতিবাদ হওয়া উচিত ছিলো, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল। এটা সেকেন্ড টাইম হলো। এখন তারা (সরকার) যেটা করবে অ্যাম্বাসেডরকে ডেকে বলবে। পরে বলবে যে শক্ত ভাষায় তাকে বলা হয়েছে। ঠিক আছে এটা ডিপ্লোম্যাটিক নর্মে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান এমনিতে হবে না। মিয়ানমারের সাথে সমস্যার সমাধান করতে হলে তার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করতে হবে। রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার জন্য তাকে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এই আন্তর্জাতিক সৃষ্টির জন্য সবচেয়ে যেটা প্রয়োজন হেড অব গভর্নমেন্ট তাকেই বিভিন্ন দেশে যেতে হবে এবং যারা রোহিঙ্গা ইস্যুতে সম্পর্ক আছে ভারত ও চীন এই দুইটা দেশকে কনভিনস করতে হবে যে, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য।
সারাবাংলা/এজেড/আইই