সারাবাংলা ডেস্ক
চট্টগ্রাম ব্যুরো: প্রাণ-প্রকৃতি ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল নির্মাণের প্রক্রিয়ার বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদ। বুধবার (১৮ আগস্ট) সকাল থেকে সিআরবিতে হাসপাতালের জন্য প্রস্তাবিত এলাকায় এই গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
কর্মসূচি থেকে দুই দফা দাবি উত্থাপন করা হয়েছে। এগুলো হচ্ছে-, সিআরবিতে হাসপাতালের সিদ্ধান্ত বাতিল করে অন্য জায়গায় শতভাগ সরকারি হাসপাতাল নির্মাণ এবং সিআরবি’র রেলওয়ে বক্ষব্যাধি হাসপাতালকে আধুনিকায়ন করে চিকিৎসা সেবার মান বাড়ানো।
এ দাবিতে একাত্মতা প্রকাশ করে সকাল থেকে বিভিন্ন শ্রেণিপেশার কয়েক’শ মানুষ স্বাক্ষর করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কর্মসূচিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী বক্তব্য রাখেন।
ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘সরকার সুচতুরভাবে মানুষের প্রাণের দাবিকে ভিন্নখাতে প্রবাহিত করে প্রাণ-প্রকৃতি বিপন্ন করে সিআরবিতে হাসপাতাল বানানোর উদ্যোগ এগিয়ে নিচ্ছে। রেলওয়ে কর্মকর্তাদের বক্তব্যে প্রমাণ হয়েছে যে, সরকার পুঁজিপতিদের স্বার্থরক্ষা করছে। ছাত্র ইউনিয়ন ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে এই প্রক্রিয়া রুখে দেবে’।
বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে গণস্বাক্ষর কর্মসূচি চলবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সারাবাংলা/আরডি/আইই