আন্তর্জাতিক ডেস্ক
ভারতের সিকিমে সড়ক দুর্ঘটনায় দেশটির সেনাবাহিনীর ১৬ জওয়ান নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন সামরিক কর্মকর্তাও আছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
জওয়ানবাহী ট্রাকটি উত্তর সিকিমে ভারত-চীন সীমান্তের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ার ফলে একেবারে দুমড়ে-মুচড়ে যায় ট্রাকটি।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, সিকিমের জেমা নামক এলাকায় যাওয়ার পথে একটি তীক্ষ্ণ বাঁক নেওয়ার সময় গাড়িটি খাড়া ঢালে পড়ে যায়। তাৎক্ষনিক উদ্ধার অভিযান শুরু করা হয়। দুর্ঘটনায় তিন অফিসারসহ ১৬ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। চারজন আহত সৈন্যকে বিমান দিয়ে সরিয়ে উত্তরবঙ্গের একটি আর্মি হাসপাতালে ভর্তি করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির একটি বহর যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত সেনাবাহিনীর ট্রাকটি ২০ জনকে নিয়ে সীমান্ত চৌকির দিকে যাচ্ছিল। গাড়িটি জেমা ৩ এলাকায় একটি বাঁক নেওয়ার সময় কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যায়।
সারাবাংলা/আইই