আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বিশ্বে প্রথম করোনাভাইরাসের ডিএনএ ভ্যাকসিন তৈরি করেছে ভারত। এ ভ্যাকসিন ১২ ঊর্ধ্ব সবাইকে দেওয়া যাবে। জাতিসংঘের ৭৬তম সাধারণ সভায় তার ভাষণে একথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বক্তব্য রাখেন মোদি।
ভাষণে নরেন্দ্র মোদি বিশ্বের ভ্যাকসিন প্রস্তুতকারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যদিও ভারতে ভ্যাকসিনের কাঁচামালের সংকট রয়েছে, তবে আমরা সেবা পরম ধর্ম দর্শনে বিশ্বাসী। আসুন, ভারতে ভ্যাকসিন তৈরি করুন।
মোদি তার ভাষণে জানান, গত মাসে জাইডাস ক্যাডিলার তৈরি তিন ডোজের জাইকভ-ডি ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা-ডিসিজিআই। এ ভ্যাকসিন বিশ্বের প্রথম করোনাভাইরাসের ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ১২ বছরের ওপরে সবাই নিতে পারবেন।
মোদি জানান, আরেকটি এমআরএনএ ভ্যাকসিন তৈরির শেষ পর্যায়ে রয়েছে ভারত। পাশাপাশি একটি নাসাল ভ্যাকসিন তৈরির দিকেও তার দেশ এগুচ্ছে বলেও জানান মোদি।
উল্লেখ্য, বিশ্বে শীর্ষ ভ্যাকসিন উৎপাদক দেশ ভারত। সেদেশে বিশ্বের বড় বড় ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কারখানা রয়েছে। ভারতীয় ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানগুলো বৈশ্বিক ভ্যাকসিনের বড় অংশের যোগান দিয়ে থাকে।
সারাবাংলা/আইই