শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

স্বপ্ন থেকে স্মৃতিতে: বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান-১৭ এর দুই বছর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ সময় দেখুন
স্বপ্ন থেকে স্মৃতিতে: বিশ্ববিদ্যালয়ে নৃবিজ্ঞান-১৭ এর দুই বছর

কুবি প্রতিনিধি :

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রথম দিনটা সব সময় আলাদা রকম অনুভূতি নিয়ে আসে। অচেনা মানুষ, নতুন জায়গা আর অজানা ভবিষ্যৎ সব মিলিয়ে ভেতরে থাকে উত্তেজনা আর অনিশ্চয়তার মিশেল। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে পা রেখেছিল একঝাঁক নতুন মুখ। সেই প্রথম দিনের দ্বিধা আর কৌতূহল মিলিয়েই শুরু হয়েছিল তাঁদের যাত্রা।

দিন কয়েকের মধ্যেই শুরু হয় পরিচয়ের গল্প। “এই তোর নাম কী?” সহজ এই প্রশ্ন থেকেই ধীরে ধীরে তৈরি হয় সম্পর্কের সেতু। একসাথে ক্লাস করা, নোট ভাগাভাগি, আড্ডায় হেসে ওঠা এসবের ভেতর দিয়েই নতুন বন্ধুত্বের বীজ গজাতে থাকে।

বন্ধুত্বের অভিজ্ঞতাও ছিল আলাদা। পরীক্ষার আগের রাতে বন্ধুর ফোনে সিলেবাস নিয়ে দুশ্চিন্তা ভাগাভাগি, লাইব্রেরি বন্ধ হয়ে যাওয়ার পরও সিঁড়িতে বসে শেষ মুহূর্তের পড়া, কিংবা ক্যান্টিনের শেষ সিঙ্গারা বন্ধুর দিকে এগিয়ে দেওয়া এসব ছোট ছোট মুহূর্তেই জমে উঠেছে সত্যিকারের সম্পর্ক। জন্মদিনে কেক কেটে চমকে দেওয়া কিংবা ক্লাসে কলম এগিয়ে দেওয়ার মতো সাধারণ যত্নই আস্তে আস্তে বিশ্বাসে বদলে গেছে।

শহরে একসাথে ঘোরা, রাতের বার্বিকিউ পার্টি কিংবা বিভাগের শিক্ষা সফরে নদীর ধারে দাঁড়িয়ে চুপচাপ থাকা সবই এখন স্মৃতির অ্যালবামে। কারও ফোনে এখনো জমা আছে সেইসব ছবি, আর ছবির ভেতরে লুকিয়ে আছে অনেক গল্প আর একসাথে থাকার আশ্বাস।

ক্লাস, পরীক্ষা, অ্যাসাইনমেন্টের চাপের মাঝেও তাঁদের বন্ধুত্ব টিকে থেকেছে নির্ভরতার জায়গা হয়ে। কেউ অসুস্থ হলে পাশে থাকা, ভিন্ন রাজনৈতিক মতামত নিয়েও আড্ডা শেষে এক কাপ চা ভাগাভাগি করা এসবই সম্পর্কগুলোকে আরও শক্ত করেছে।

দুই বছর পূর্তিতে তাই আয়োজন করা হলো “বন্ধন উৎসব ২.০”। সকাল থেকে আড্ডা, বিকেলে গান আর সন্ধ্যায় নাচে–কোলাহলে ভরে উঠেছিল দিনটা। কেউ গান গেয়েছেন, কেউ ক্যামেরায় ছবি তুলেছেন, কেউ আবার সারাক্ষণ হাততালি দিয়ে উৎসাহ দিয়েছেন। সেদিন কারও মুখেই ক্লান্তি ছিল না, ছিল শুধু আনন্দ আর আপনজনদের সঙ্গে সময় কাটানোর উচ্ছ্বাস।

চৌধুরী সুপ্রতীক বড়ুয়া বলেন, “সময় কত দ্রুত চলে যায়! মনে হয় সেদিনই আমরা নৃবিজ্ঞান বিভাগের নতুন যাত্রা শুরু করেছিলাম। অথচ চোখের পলকে কেটে গেল দুই বছর। হাসি–আনন্দ, মান–অভিমান, এমনকি কান্না সব মিলিয়েই গড়ে উঠেছে এক অটুট বন্ধন। সেই বন্ধনকেই মনে রেখেই আয়োজন করেছি ‘বন্ধন উৎসব ২.০’। ”

মারিয়া তাবাসসুম বলেন, “৩ সেপ্টেম্বর আমাদের জন্য সবসময় বিশেষ একটি দিন। কারণ এই দিনেই কুবিতে আমাদের যাত্রা শুরু হয়েছিল। দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা আয়োজন করেছি এই ছোট্ট উৎসব।”

নৃবিজ্ঞান–১৭ এর শিক্ষার্থীদের এই দুই বছরের পথচলা মনে করিয়ে দেয় বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার জায়গা নয়, বরং জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি গড়ে তোলার ঠিকানা। সামনে নতুন সেমিস্টার আসবে, নতুন অ্যাসাইনমেন্ট আর নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করবে। তবে চায়ের কাপে, আড্ডার ছবিতে আর একে অপরের হৃদয়ে অটুট থাকবে তাঁদের বন্ধন। সেটাই তাঁদের জীবনের সবচেয়ে বড় পাওয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর