আন্তর্জাতিক ডেস্ক
যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে সমালোচিত স্বামী আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
টেলিভিশনে যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করায় গত কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মুখে পড়েছিলেন গিয়ামব্রুনো। ইতালির প্রধানমন্ত্রী মেলোনি আগেই জানিয়েছিলেন, তার স্বামীর কর্মকাণ্ডের দায় নেবেন না তিনি। এ ব্যাপারে কোনো প্রশ্নেরও জবাব দেবেন না তিনি। এবার স্বামীর সঙ্গে সম্পর্কচ্ছেদের ঘোষণা দিয়েছেন মেলোনি।
শুক্রবার (২০ অক্টোবর) স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়ে ফেসবুক পোস্টে মেলোনি লিখেছেন, ‘আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার ১০ বছরের সম্পর্ক এখানেই শেষ।’
৪৬ বছর বয়সী মেলোনি আরও লিখেছেন, ‘আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন পথে চলে গেছে এবং সময় এসেছে এটিকে স্বীকার করে নেওয়ার।’
২০১৪ সালে একটি টিভি স্টুডিওতে প্রথম পরিচয় হয় মেলোনি ও গিয়ামব্রুনোর। তাদের সংসারে সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী সিলিভিও বারলোসকোনির মালিকানাধীন এমএফই মিডিয়া গ্রুপের সম্প্রচার মাধ্যমে প্রেজেন্টার হিসেবে কাজ করেন গিয়ামব্রুনো। তিনি সম্প্রতি ক্যামেরার অন্তরালে নারী সহকর্মীদের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করেন, যা পরে তারই শোতে ফাঁস হয়ে যায়। এছাড়া অন্যান্য যৌনাত্নক মন্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হচ্ছেন তিনি।
সারাবাংলা/আইই