আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটি। গতকাল বুধবার (১৮ জানুয়ারি) এই দুর্ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মোনাস্তিরস্কিসহ ১৩ জন নিহত হয়েছেন। খবর আলজাজিরা।
গতকাল বুধবার সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক অধিবেশনে ন্যাটো প্রধানের বক্তব্য দেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, মিত্ররা যুদ্ধ-বিধ্বস্ত দেশকে ‘ভারী অস্ত্র’ সরবরাহ করতে প্রস্তুত।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় সরাসরি রাশিয়াকে দায়ী করেনি ইউক্রেন। তবে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, দুর্ঘটনাটি যুদ্ধেরই ফল।
দাভোসের অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধে কোনো দুর্ঘটনা নেই। এসবই যুদ্ধের ফলাফল।’
এর আগে, বুধবার সকালে রাজধানীর কিয়েভের উত্তরপূর্বের ব্রোভারি শহরে একটি কিন্ডারগার্টেনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ শিশুসহ ২৯ জন আহত হওয়ার তথ্য জানান কিয়েভের আঞ্চলিক গভর্নর অ্যালেক্সি কুলেবার। তবে প্রথমে ১৮ জন বলা হলে নিহত হওয়ার কথা জানালেও পরে সেই সংখ্যা ১৩ জনে নেমে আসে।
সারাবাংলা/এনএস