আন্তর্জাতিক ডেস্ক
রিভেঞ্জ পর্ন বা প্রতিশোধমূলক পর্নের ভুক্তভোগী এক নারীকে ১২০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার জন্য তার সাবেক প্রেমিককে নির্দেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ ঘটনা ঘটেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথিতে ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তবে তার ছদ্মনাম ডিএল হিসেবে উল্লেখ করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, ডিএল ২০২২ সালে তার সাবেক প্রেমিকের বিরুদ্ধে মামলাটি করেছিলেন।
অভিযোগে বলা হয়, ২০২১ সালে সম্পর্ক ভেঙে যাওয়ার পর ওই ব্যক্তি তার সম্মতি ছাড়াই তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি অনলাইনে প্রকাশ করে দেন। অনলাইনে অন্তরঙ্গ ছবি প্রকাশের উদ্দেশ ছিল তাকে জনসমক্ষে লজ্জায় ফেলা।
এ মামলায় ডিএল-এর আইনজীবীরা প্রাথমিকভাবে ১০ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। কিন্তু মামলা চলার এক পর্যায়ে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে একটি বার্তা পাঠান। এতে তিনি লিখেন, ‘ইন্টারনেট থেকে ছবিগুলো সরাতে তোমার বাকি জীবন কেটে যাবে, তবুও ব্যর্থ হবে। তুমি যাদের সঙ্গে দেখা করবে তারা গল্পটি শুনবে এবং (ছবি) খুঁজতে যাবে। হ্যাপি হান্টিং।’
নারীর আইনজীবীরা দাবি করেন, আসামি ছবিগুলো অনলাইনে প্রকাশ করে এবং পরে হুমকি দিয়ে মানসিক নির্যাতন, ঘরোয়া সহিংসতা এবং যৌন নির্যাতনের অপরাধ করেছেন।
এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে অতীত এবং ভবিষ্যতের মানসিক যন্ত্রণার জন্য ওই নারীকে ২০ কোটি ডলার এবং সেইসঙ্গে অনুকরণীয় শাস্তি হিসেবে আরও ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেন।
মামলায় ভুক্তভোগী ডিএল-এর আইনজীবী গিলডে রায়ের প্রতিক্রিয়ায় বলেন, আমরা আশা করি ক্ষতিপূরণের অংকটি একটি বার্তা দেবে এবং এটি অন্যদের এ ধরণের ঘৃণ্য কাজে জড়িত হওয়া থেকে বিরত রাখবে।
সারাবাংলা/আইই