আন্তর্জাতিক ডেস্ক
সূর্যের দ্বিতীয় নিকটবর্তী গ্রহ শুক্রের উদ্দেশ্য অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ওই গ্রহের ভূতাত্ত্বিক গঠন ও জলবায়ু সম্পর্কে জানতে ২০২৮ ও ২০৩০ সালে অন্তত দুটি অভিযান পরিচালনা করবে সংস্থাটি। বিবিসির খবর।
ইতিমধ্যে ওই দুই অভিযানের জন্য তহবিল হাতে পেয়েছে নাসা। প্রতিটি অভিযানে ৫০ কোটি মার্কিন ডলার ব্যয় হবে বলে জানিয়েছেনে নাসার প্রশাসক বিল নেলসন
এ ব্যাপারে বিল নেলসন বলেন, গত ৩০ বছরের মধ্যে শুক্রে কোনো অভিযান চালানো হয়নি। এখন আমাদের সুযোগ এসেছে এই অভিযান চালানোর।
১৯৯০ সালে ম্যাগেলান নামক নভোযানের মাধ্যমে ওই গ্রহে সর্বশেষ অভিযান চালিয়েছিল নাসা। তবে এর পরে ইউরোপ ও জাপানের কিছু নভোযান শুক্র গ্রহের কক্ষপথে ভ্রমণ করেছে।
উল্লেখ্য, শুক্র গ্রহটি সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই গ্রহের সঙ্গে পৃথিবীর গাঠনিক কাঠামোর মিল রয়েছে। তাই এটিকে ‘পৃথিবীর বোন’ বলেও আখ্যায়িত করা হয়। তবে সূর্যের খুব কাছে হওয়ায় এর তাপমাত্রা অনেক বেশি। শুক্রপৃষ্ঠে তাপমাত্রা অন্তত ৪৩১ ডিগ্রি, তাই সেখানে কোনো প্রাণির বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে ধারণা করা হয়ে থাকে।
সারাবাংলা/আইই