Last Updated:
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয় কাণ্ডে এবার নয়া বিতর্ক৷ দুর্ঘটনায় নিহত দুই ব্রিটিশ নাগরিকের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হল, ভারত থেকে তাঁদের কাছে প্রিয়জনদের ভুল দেহাবশেষ পাঠানো হয়েছে৷ ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এ প্রকাশিত একটি রিপোর্টেই এই অভিযোগের কথা সামনে এসেছে৷
এই অভিযোগ সামনে আসার পর প্রতিক্রিয়া দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক৷ ব্রিটিশ সরকারের সঙ্গে বিষয়টি নিয়ে ভারতের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রক৷
ডেইলি মেইল-এর ওই রিপোর্টে অভিযোগ করা হয়েছে, এয়ার ইন্ডিয়ার ওই বিমানে থাকা একাধিক ব্রিটিশ যাত্রীর পরিবারের হাতে সঠিক দেহ তুলে দেওয়া হয়নি৷ আবার অনেকের ক্ষেত্রে ফেরত পাঠানো দেহাবশেষের মধ্যে অন্য যাত্রীর দেহাংশ মিশে গিয়েছে৷ এখনও পর্যন্ত ভুল দেহ পাঠানোর দুটি ঘটনা সামনে এসেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে৷ ইনার ওয়েস্ট লন্ডনের স্থানীয় কর্তৃপক্ষের তরফে ভারত থেকে পাঠানো দেহাবশেষের সঙ্গে তাঁদের পরিবারের সদস্য ডিএনএ নমুনা মিলিয়ে দেখার পরই এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে৷
এই অভিযোগ সামনে আসার পর ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এই বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা ব্রিটিশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ নির্দিষ্ট প্রোটোকল এবং টেকনিক্যাল দিকগুলি মাথায় রেখেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেহ চিহ্নিতকরণের কাজ করেছে৷ ব্রিটিশ যাত্রীদের পরিবার ভুল দেহাবশেষ পাওয়ার অভিযোগ তুললেও ভারতে এই ধরনের কোনও অভিযোগ ওঠেনি৷
গত ১২ জুন আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার পরই ভেঙে পড়ে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান৷ ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জন যাত্রী এবং বিমানকর্মীরই মৃত্যু হয়৷ প্রাণে বেঁচে যান খালি একজন যাত্রী৷ এ ছাড়াও যে হোস্টেলের উপরে বিমানটি ভেঙে পড়ে সেখানকার আবাসিক সহ আরও ১৯ জনের মৃত্যু হয়৷
Kolkata,West Bengal
July 23, 2025 5:21 PM IST
Ahmedabad Air India Crash Update: ব্রিটিশ যাত্রীদের পরিবারের হাতে ভুল দেহ! আহমেদাবাদ কাণ্ডে মারাত্মক অভিযোগ, কী বলছে বিদেশ মন্ত্রক?