#নয়াদিল্লি: শিশুদের নিরাপত্তার জন্য আরও সক্রিয় Apple। তাদের নিরাপত্তার জন্য তিনটি বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে। সংস্থার তরফে এই কথা জানিয়ে বলা হয়েছে, নতুন সুবিধা iPhone, iPad এবং Mac উপলব্ধ। CSAM (চাইল্ড সেক্সচুয়াল অ্যাবইউজ ম্যাটেরিয়াল) ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ এই ফিচার্সে বাবা মায়েরা আরও বেশি করে বুঝতে পারবেন তাঁদের সন্তানরা অনলাইনে কী করছে।
প্রথম যে ফিচার্সটি আনা হয়েছে সেটি iMessage-এর ক্ষেত্রে। iMessage-এর ক্ষেত্রে কোনও আপত্তিকর ছবি রিসিভ করলে বা তা পাঠালে সঙ্গে সঙ্গে ডিটেক্ট করতে পারবে মোবাইল ডিভাইসটি এবং একটি পপ আপ শো করবে। এরসঙ্গে এই ধরনের ছবি রিসিভ করার ক্ষেত্রে Apple ডিভাইসটি বুঝে গিয়ে তা ব্লার করে দেবে। এরপরেও যদি কেউ সেই ছবি দেখতে চায় তাহলে সে দেখতেই পারে, কিন্তু তার বাবা ও মায়ের কাছেও একটি নোটিফিকেশন পৌঁছে যাবে।
ঠিক একইভাবে কোনও আপত্তিকর ছবি পাঠাতে চাইলে একটি পপ আপ খুলে যাবে এবং সতর্ক করা হবে। তারপরেও সে ছবি পাঠাতে চাইলে সেই নোটিফিকেশনও পৌঁছে যাবে তার বাবা মায়ের কাছে।
সংস্থার তরফে জানানো হয়েছে, অন ডিভাইস মেশিন লার্নিং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই কাজ করা হবে। তবে Apple পাঠানো বা গ্রহণ করা কোনও ছবি বা তথ্য দেখতে পারবে না। পাশাপাশি সংস্থার তরফে আরও জানানো হয়েছে, পাঠানো বা গ্রহণ করা সব ছবি ডিভাইসের আই ক্লাউড স্টোরেজে রাখা থাকবে। পুরো বিষয়টি মেশিন লার্নিয়ের ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে।
পাশাপাশি Siri এবং সার্চ অপশনের ক্ষেত্রেও একটি ফিচার্স আনা হয়েছে। কোনও Apple ব্যবহারকারী যদি জানতে চান CSAM সম্পর্কিত বিষয় কোথায় রিপোর্ট করা হবে তাহলে Apple-এর তরফে তা জানিয়ে দেওয়া হবে। এবং Siri ও তা জানিয়ে দেবে। পাশাপাশি ফোন ব্যবহারকারীরা কী চাইছেন তার উপর নির্ভর করে নিজেকে আপডেট করতে থাকবে Siri এবং সার্চ।
সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে এই বছরের শেষের দিকে এই প্রযুক্তিগুলি বাজারে নিয়ে আসা হবে।