Last Updated:
হাওড়া: দূরপাল্লার বাস গন্তব্যে না গিয়ে পৌঁছল থানায়! বাসচালকের তৎপরতায় বাইক আরোহীর প্রাণ বাঁচলেও থানায় পৌঁছল চালক কন্ডাক্টর-সহ বাসযাত্রী। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর ডিপোর থেকে মেদিনীপুর-হাবড়া রুটের একটি সরকারি বাসের এমন কাণ্ড। বাসে শিশু, বৃদ্ধ, সব বয়সের যাত্রীতে ঠাসা ভিড়। তখনও কলকাতা অর্থাৎ উত্তর ২৪ পরগনার হাবড়া পৌঁছতে প্রায় ৬০-৭০ কিলোমিটার বাকি। জাতীয় সড়কে তখন দূরন্ত গতিতে ঘুরছে ওই বাসের চাকা। মেদিনীপুর থেকে প্রায় ১০০-১১০ কিমি পথ অতিক্রম করে যাত্রীদের অধিকাংশ ক্লান্ত। সেই সময় হঠাৎ ব্রেক। ঝাঁকুনি পৌঁছল যাত্রীদের কাছে, তাতে বেশ কয়েকজন আহত। ঘটনাটি ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কের হাওড়া গ্রামীণ জেলা পুলিশ কার্যলয় সংলগ্ন পানিয়ারা সিগনালের কাছেই।
সিগনাল ছেড়ে কলকাতার দিকে গাড়ির চাকা কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ উল্টো দিক থেকে একটি বাইক আসে। ওই বাইকে চালক সহ আরও দু’জন আরোহী। বাস যাত্রীদের কথায় জানা যায়, ওই বাইক আরোহীদের প্রাণ বাঁচাতে বাস চালক আচমকা ব্রেক কষেন। এরপর গাজোয়ারি শুরু বাইক আরোহীদের। বাস চালক এবং কন্ডাকটরদের আশ্লীল ভাষায় গালি। এমনকী বাস চালককের উপর চড়াও হয়ে বাসের চাবি কেড়ে নেয় বলেই অভিযোগ। যাত্রীরা অনুরোধ করলেও ওই বাইক আরোহীরা কোনও কথা কর্ণপাত করেননি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। এরপর প্রায় এক কিলোমিটার পিছিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় যাত্রী বোঝাই ওই বাস।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাইক আরোহী নিজে উল্টো মুখে বিনা হেলমেটে বাইক চালিয়ে গেলেও তাঁর অভিযোগ বাসটি রাস্তার ধার ঘেঁষে আসছিল।
রাকেশ মাইতি
Kolkata,West Bengal
December 18, 2024 9:47 PM IST