Last Updated:
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ গত কয়েক দিনের অনবরত বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ি। অল্পের জন্য প্রানে রক্ষা ৭টি পরিবার। মাথার উপরের ছাদ হারিয়ে দিশেহারা অবস্থা পরিবারগুলির। আবাস যোজনার বাড়ি নিয়ে তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধীদের মধ্যে।
চোখের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বসত বাড়ি। বড় বিপদের থেকে রক্ষা পেয়েছে ৭টি পরিবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার আগড়দা গ্রামে। মাথায় ছাদ হারিয়ে এখন স্কুলে ঠিকানা ২৫ জন সদস্যের। আবাসের বাড়ি পাননি। পুরানো মাটির বাড়ি ছিল তাদের ঠিকানা। গত কয়েক দিনের একটানা বৃষ্টি জেরে সেই বাড়ি ভেঙে পড়ায় দুশ্চিন্তায় অসহায় পরিবারগুলি। তৃণমূলের দাবি, বিজেপির বঞ্চনার কারনে ওই পরিবারগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় থেকেও বাড়ি পায়নি। পালটা বিজেপির দাবি, তৃনমূলের জন্যই প্রকৃত মানুষ বঞ্চিত হয়েছে কেন্দ্রীয় প্রকল্প থেকে।
স্থানীয় নেতৃত্ব দুর্গতদের বসবাসের ঠিকানা করে দিয়েছে স্থানীয় স্কুলে। কিন্তু এইভাবে কতদিন? মাথার উপর ছাদ হারিয়ে এখন কী খাবেন? কোথায় থাকবেন? কীভাবে চলবে? তা নিয়ে রাতের ঘুম ছুটেছে পরিবারগুলির৷ প্রকৃত যোগ্য হয়েও সরকারি বাড়ি থেকে তাঁরা বঞ্চিত, অভিযোগ পরিবারগুলির৷ সরকারি বাড়ি থাকলে এই দুর্ভোগ পোহাতে হত না তাঁদের। পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে শাসক ও বিরোধী শিবির৷ তবে সরকারি বাড়ি নিয়ে শাসক ও বিরোধীর মধ্যে শুরু হয়েছে তরজাও। একে অপরের বিরুদ্ধে অভিযোগ ও পালটা অভিযোগে সরব দুই রাজনৈতিক শিবির।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 24, 2025 7:26 PM IST