Last Updated:
সুকান্ত চক্রবর্তী, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার অন্তর্গত ক্ষীরপাই ফাঁড়ির বুড়ির পুকুর এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। চন্দ্রকোনা-ঘাটাল রাজ্য সড়কে দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১ জন। দুর্ঘটনার অভিঘাতে রক্তাক্ত চিত্র ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি মোটরবাইক ঘাটাল থেকে ক্ষীরপাই-এর দিকে এবং অপরটি ক্ষীরপাই থেকে ঘাটালগামী ছিল। বুড়ির পুকুর এলাকায় মুখোমুখি ধাক্কা লাগে দুই বাইকের। প্রত্যেকটিতে ছিলেন দু’জন করে আরোহী, একটি বাইকে ছিল তিনজন। সংঘর্ষ এতটাই ভয়ঙ্কর ছিল যে ঘটনাস্থলেই কয়েকজন রাস্তায় ছিটকে পড়েন।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় আহত পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্ষীরপাই হাসপাতালে। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। পরে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের ঘাটাল মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। তবে প্রত্যেকের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বলেই অনুমান।
হেলমেট ছিল না কারও মাথায়!
প্রত্যক্ষদর্শীদের মতে, পাঁচজন আরোহীর কারও মাথায় হেলমেট ছিল না। ফলে আঘাত লাগে মূলত মাথাতেই। এই ঘটনায় ফের সামনে এল হেলমেট না পরার ভয়াবহ পরিণতি।
পুলিশের তৎপরতা:
ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ। দু’টি ক্ষতিগ্রস্ত বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দুর্ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
মুখোমুখি ধেয়ে এল দুটি বাইক, তার পরেই…ধাক্কা! ছিটকে পড়লেন হেলমেট ছাড়া ৫ আরোহী, রক্তস্রোত! চন্দ্রকোনায় ভয়ঙ্কর দুর্ঘটনা!