Dilip Ghosh: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলগুলির নেতারা সরকারের আমন্ত্রণ এড়িয়ে গেলেও উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দিলীপদা যাবেন কি না তাঁর ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। দল এটাকে সমর্থন করে না, আমরা দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়েছি উদ্বোধনী অনুষ্ঠানে যাব না”। স্ত্রী রিঙ্কুকে নিয়ে মন্দির পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মন্দিরের প্রশংসাও করেন দিলীপ। দিলীপ বলেন, “মন্দির উদ্বোধন হয়েছে। মানুষ দেখবে না কে উদ্বোধন করেছে, মানুষ মন্দিরে আসবে। আমি রামের ভক্ত আমি জগন্নাথেরও ভক্ত”। পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে কথা বলতেও দেখা যায় সস্ত্রীক দিলীপ ঘোষকে।