Last Updated:
পূর্ব বর্ধমান: প্রতিদিনের মতো সকালে চলছিল মিষ্টি তৈরির কাজ। কিছু বুঝে ওঠার আগেই ছড়িয়ে পড়ল ভয়াবহ আগুন। সেই আগুনে ঝলসে গেলেন চারজন। বর্তমানে সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সেহারা বাজারে একটি মিষ্টির দোকানে শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। গ্যাস লিক করে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের সেহারা বাজারে সাত সকালে মিষ্টির দোকানে গ্যাস লিক করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে সূত্রের খবর। রান্নার গ্যাসের পাইপ লিক করেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। আগুনে ঝলসে গিয়ে গুরুতর আহত হয়েছেন দোকান মালিক-সহ মোট চারজন। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেহারা বাজার বাসস্ট্যান্ডের সামনে একটি মিষ্টির দোকানে প্রতিদিনের মতো এদিনও সকালে মিষ্টি তৈরির কাজ চলছিল। সেই সময় আচমকাই রান্নার গ্যাস লিক করে আগুন ধরে যায় দোকানের ভাটি শালায়। আগুনের শিখায় মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে দোকানটি। আগুনে দগ্ধ হন দোকান মালিক ছাড়াও আরও তিনজন কর্মী।
স্থানীয় বাসিন্দা এবং সেহারা বাজার ফাঁড়ির পুলিশ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা চালায়। তারাই আহতদের উদ্ধার করে তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আপাতত সকলেই চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের নিয়মিত পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
ঘটনার পর থেকে গ্যাস লিকের উৎস নিয়ে দ্বিধা তৈরি হয়েছে। কেউ কেউ দাবি করেছেন, ওই ভাটি শালাতেই অন্য একটি সিলিন্ডার থেকে গ্যাস ভরা হচ্ছিল, যার ফলে গ্যাস ছড়িয়ে পড়ে আগুন লাগে। আবার কারও মতে, গ্যাস পাইপে লিক থাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। খণ্ডঘোষ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দোকান ও আশপাশের এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। এলাকার সব খাবারের দোকানের গ্যাসের লাইন ঠিক আছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
Kolkata,West Bengal
June 14, 2025 4:37 PM IST