Last Updated:
কলকাতা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মহিলা কর্মীদের ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি ও সম্মান জানাতে বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে উইমেন’স ওয়েলফেয়ার অর্গানাইজেশন (এনএফআরডব্লিউডব্লিউও)। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মুখ্য কার্যালয় এবং তার ডিভিশনগুলোতে যেসব মহিলা কাজ করেন তাঁদের নিষ্ঠা, কঠোর পরিশ্রম ও কৃতিত্বকে স্বীকৃতি জানানোর জন্য উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রেলকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সম্মানীয় অতিথিগণ।
এই অনুষ্ঠানের থিম ছিল “এমপাওয়ারিং উইমেন, এমপাওয়ারিং হিউম্যানিটি” (নারীর ক্ষমতায়ন, মানব সমাজের ক্ষমতায়ন)। রেলওয়ে নেটওযার্কের মধ্যে প্রগতিকে চালিত করা, উদ্ভাবনকে লালন করা এবং পরিচালন সংক্রান্ত উৎকর্ষ নিশ্চিত করার ক্ষেত্রে মহিলারা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা-ই তুলে ধরা হয়েছিল অনুষ্ঠানে। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সৌষ্ঠব বৃদ্ধি করেছেন উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। অনুষ্ঠানের উদ্দেশে দেওয়া ভাষণে জেনারেল ম্যানেজার সেই সমস্ত মহিলা কর্মীদের প্রশংসা করেন যাঁরা খেলাধুলো, ইঞ্জিনিয়ারিং রক্ষণাবেক্ষণ, ট্রেন চলাচল, স্বাস্থ্য সেবা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে।
জেনারেল ম্যানেজার এ-ও বলেন যে, বিভিন্ন ক্ষেত্রে মহিলারা যাতে অংশগ্রহণ করেন, তার জন্য যথাযথ গুরুত্ব আরোপ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। মহিলা কর্মীরা নিজেদের নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সংবর্ধনা অনুষ্ঠানে এনএফআরডব্লিউডব্লিউও-র সভানেত্রী শ্রীমতী শালিনী শ্রীবাস্তবের দ্বারা সম্মানিত হয়েছেন। তিনি মহিলা কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং এ কথা মনে করিয়ে দেন যে, ক্ষমতায়ন, সমান সুযোগ ও পেশাদারি উন্নতির প্রতি তাঁদের সংগঠন অঙ্গীকারবদ্ধ।
মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে বেশ কিছু বড় পদক্ষেপ গ্রহণ করেছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে। যেমন, ৮ মার্চ, ২০২৫ তারিখে কোচবিহার রেল স্টেশনকে সম্পূর্ণ ভাবে মহিলাদের দ্বারা চালিত স্টেশন হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সুরক্ষা বর্ধন করে মহিলা আরপিএফ কর্মীদের নিয়ে গঠিত ১৫টি ‘মেরি সহেলি’ স্কোয়াড মোতায়েন করা হয়েছে এবং ৪৬টি স্টেশনে এখন সিসিটিভি নজরদারি ব্যবস্থা আছে। কারিগরি ভূমিকাতেও মহিলারা উৎকর্ষ সাধন করছেন। যেমন গুয়াহাটি কোচ মেন্টেনেন্স ডিপোতে শুধুমাত্র মহিলাদের নিয়ে গঠিত একটি কোচ মেন্টেনেন্স টিম আছে, এবং ডিব্রুগড় ওয়ার্কশপে নমিতা সোনোয়াল ও আরফিন আরা বেগমের মতন “এফ” লীগ মহিলা টেকনিশিয়ানরা অ্যাডভান্সড মেশিনারিতে দক্ষ হয়ে উঠছেন।
এইসব প্রয়াসের মধ্যে দিয়ে এই বিষয়টিই ফুটে উঠছে যে রেলওয়েতে সার্বিকতা ও মহিলাদের নেতৃত্বের ব্যাপারে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দায়বদ্ধ হয়ে আছে।জাতীয় স্তরে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মহিলা কর্মীরা যথাযোগ্য স্বীকৃতি পেয়েই চলেছেন। নয়াদিল্লির ন্যাশনাল রেল মিউজিয়ামে আয়োজিত আরডব্লিউডব্লিউসিও-র মর্যাদা সম্পন্ন সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত হয়েছেন সিনিয়র টেকনিশিয়ান মিস. নূপুর তপাদার সহ আরও ৩২ জন উৎকৃষ্ট সেবা প্রদান করা মহিলা রেল কর্মী। এই সম্মান প্রাপ্তিই এই দিকটি তুলে ধরেছে যে, ভারতীয় রেলওয়েতে মহিলাদের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং এই দিকটিও আরও একবার বোঝা গেল যে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তাদের মহিলা কর্মীদের ক্ষমতায়নের প্রতি অবিচল ভাবে অঙ্গীকারবদ্ধ।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মোট কর্মী সংখ্যা ৫৪,৮২৯। তাঁদের মধ্যে মহিলা কর্মী আছেন ৫,৪৮৩ জন। তার মানে মোট কর্মীর ১০ শতাংশই মহিলা। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। কেননা, আরও বেশি সংখ্যক মহিলারা রেলওয়ের বিভিন্ন অপারেশনে প্রধান ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসছেন। এই মহিলাদের সম্মানিত করে এনএফআরডব্লিউডব্লিউও এই দিকটিই বিশেষ ভাবে তুলে ধরতে চায় যে রেলওয়ে ব্যবস্থাকে কার্যকর ভাবে চালিয়ে নিয়ে যাওয়া এবং এর সাফল্যের ক্ষেত্রে মহিলারা কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সংগঠনটি এই উদ্যোগের মাধ্যমে অনবরত এই সাক্ষ্য রেখে চলেছে যে তারা এমন এক কাজের পরিবেশ গড়ে তোলার জন্য নিষ্ঠা নিয়ে কাজ করে চলেছেন যা হবে সার্বিক ও সহায়ক, যেখানে মহিলারা উন্নতি করতে পারবেন, অবদান রাখতে পারবেন এবং নেতৃত্ব দিতে পারবেন।
March 20, 2025 10:21 AM IST
Opinion | কংগ্রেসের শূন্য কোষাগার এবং বৃথা প্রতিশ্রুতি