Last Updated:
মালদহ: ভাগ্য খুলল সিভিক ভলেন্টিয়ারের। ১২০ টাকার টিকিট কেটে কোটিপতি মালদহের এক সিভিক ভলেন্টিয়ার। শিলিগুড়ি যাওয়ার পথে লটারির টিকিটের নম্বর মেলাতেই মাঝপথে ফিরে এলেন বাড়ি।
হাতে লটারির প্রথম পুরস্কার দেখে চমকে গেলেন নিজেই। ১ কোটি টাকা পুরস্কারের টিকিট হাতে বাড়ি ফিরলেন মালদহের রতুয়া থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। মাত্র ১২০ টাকার টিকিটে ভাগ্য খুলল সিভিক ভলান্টিয়ারের। ডিয়ার লটারিতে পেলেন ১ কোটি টাকা। কোটিপতি হতেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল সেই সিভিক ভলেন্টিয়ারের পরিবার।
মালদহের রতুয়ার বৈকুন্ঠপুরের বাসিন্দা কৌশিক ঘোষ বর্তমানে রতুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান, মঙ্গলবার তিনি চাঁচল হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় চাঁচল স্ট্যান্ড এলাকায় ১২০ টাকার লটারির টিকিট কাটেন। এরপর বাসে করে রওয়ানা হন শিলিগুড়ির উদ্দেশ্যে। বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। মাঝপথেই তিনি তাঁর টিকিটের নম্বর মেলান রেজাল্টের সঙ্গে। নম্বর মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে।
লক্ষ্য করে দেখেন তাঁর হাতের টিকিটেই ১ কোটি টাকা প্রথম পুরস্কার লেগেছে। এরপর সঙ্গে সঙ্গে মাঝপথেই গন্তব্য বদলে ফেলেন তিনি। তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারের সকলকে গোটা বিষয়টি জানান। স্বভাবতই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পরিবার। তিনি আরও বলেন, “বহুদিন থেকেই একটা ভাল বাড়ি করব বলে স্বপ্ন দেখেছিলাম। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরি করারও ভাবনা-চিন্তার রয়েছে বলে জানান তিনি।”
জিএম মোমিন
Kolkata,West Bengal