Last Updated:
মালদহ: মালদহের আম বিদেশের অন্যান্য দেশে গেলেও এতদিন ডাক আসেনি সুইডেন ও নিউজিল্যান্ড থেকে। তবে এবার মালদহের আম প্রথম রফতানি হবে সুইডেন ও নিউজিল্যান্ডে। প্রতিবছরই মালদহ জেলার আম রফতানি হয় দেশ-বিদেশে। তবে এই বছর নতুন নতুন দেশ থেকে অর্ডার আসা শুরু হয়েছে। মূলত মুম্বাই হয়ে বিমানে করে সুইডেন ও নিউজিল্যান্ডে পাড়ি দেবে মালদহের আম।
জেলা উদ্যান পালন অধিকারী সামন্ত লায়েক জানান, “বর্তমানে অন্যান্য দেশে আম না থাকায় এবং দক্ষিণ ভারতেও আমের জোগান না থাকায় বিদেশ থেকে এখন মালদহের আমের ব্যাপক ডিমান্ড আসছে। আমেরিকা, নিউজিল্যান্ড, সুইডেন সহ পার্শ্ববর্তী দেশ ভুটানেও রফতানি করা হচ্ছে মালদহের আম। ইতিমধ্যেই বিগত ১০-১২ দিনে তিনটি পর্যায়ে প্রায় কয়েক টন আম রফতানি করা হয়েছে বিদেশে। আগামী দিনে আরও আম পাঠানো হবে বিদেশে।”
মূলত রাজ্যের অধিকাংশ পরিমাণ আম চাষ হয় মালদহ জেলায়। এবছর ব্যাপক আমের ফলন হয়েছে মালদহে। তবে অন্যান্য দেশে আমের জোগান না থাকায় মালদহের আমের চাহিদা দেখা মিলছে বিদেশে। তাই স্বভাবতই নতুন নতুন দেশ থেকে এখন মালদহের আমের চাহিদা নজর কেড়েছে সকলের। মালদহের আম বিদেশে রফতানি হওয়ায় বৈদেশিক মুদ্রা আসবে জেলায়, যার ফলে আর্থিক অবস্থা আরও উন্নত হবে বলে অভিমত অনেকের।
জিএম মোমিন
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
June 18, 2025 2:06 PM IST