Last Updated:
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান : জ্যান্ত কেউটে সাপকে দেবী হিসাবে পুজো করা হয় পূর্ব বর্ধমান জেলার কয়েকটি গ্রামে। সেরকমই এদিন শুক্রবারেও পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পলসোনা, মুশারু সহ আরও বেশ কিছু গ্রামে জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হল পুজো। তবে গ্রামবাসীরা সাপকে ‘ সাপ ‘ বলেন না। এই সাপ গ্রামবাসীদের কাছে পরিচিত মা ঝঙ্কেশ্বরী নামেই। মুশারু, পলসোনা গ্রামের প্রায় বাড়ির আশে পাশে, গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায় বিষধর কেউটে প্রজাতির সাপ। কিন্তু এই সাপ নাকি কারওকে কামড়ায় না। কারণ এই সাপই হলও আসলে মা ঝঙ্কেশ্বরী। এদিন শুক্রবারেও পুজো দেখতে ভিড় জমিয়ে ছিলেন দূর দূরান্তের বহু মানুষ। এই বিষয়ে পলসোনা গ্রামের বাসিন্দা তথা সেবায়েত তাপস কুমার চট্টোপাধ্যায় বলেন, আমাদের ঝঙ্কেশ্বরী কামড়ালে বিষ হয় না। আমাদের রান্নাঘরে থাকে, মশারির ফাঁকে থাকে, কিন্তু রাত্রিবেলা বের হয় না। দিনের বেলায় বেশি দেখা যায় , তবে এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে।
এই সাপকে গ্রামের ছোট থেকে বড় কেউই ভয় করেনা। এই সাপ কামড়ানোর ফলে কারও মৃত্যু হয়েছে এরকমও নাকি দেখা যায়নি। গ্রামের অনেকজনকেই এই সাপে কামড়েছিল, কিন্তু বর্তমানে তারা সুস্থভাবে জীবন যাপন করছেন। পলসোনা, মুশারু গ্রামে সারাবছরই সাপ ঘুরে বেড়ায়। কখনও বাড়ির হেঁশেলে ঢুকে পড়ে বিশালাকৃতি কুচকুচে কালো বিষধর কেউটে। আবার কখনও ঢুকে পড়ে গৃহস্থের বাড়ির বিছানার মধ্যেই। গ্রামের মধ্যে হেঁটে বেড়ালেও সাপের দর্শন মিলবে। তবে মা ঝঙ্কেশ্বরী কারওকে কখনও কামড়ায় না। গ্রামবাসীদের সঙ্গে সাপের এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। মুশারু গ্রামের বাসিন্দা অসিত রায় বলেন, ‘‘অনেক সর্প বিশেষজ্ঞ এসে দেখেছেন যে আমাদের মা ঝাঁকলাইয়ের প্রচন্ড বিষ। মা ঝংকেশ্বরী কামড়ানোর ফলে আমাদের এখানে এখনও পর্যন্ত কেউ মারা যায়নি।’’
সর্প বিশারদ ধীমান ভট্টাচার্য আরও বলেন, ‘‘কারওকে প্রসাদ করছে না তার মূল কারণ হচ্ছে এখানকার গ্রামের মানুষ। চারটে গ্রামের মানুষ একে নিজের মতো করে নিয়েছে। তারা কেউ কাউকে বিরক্ত করে না। সে যখন বিরক্ত হয় না তখন বুঝে নিয়েছে এরা আমার জন্য ক্ষতিকর নয়। সেজন্য কেউ কাউকে আক্রমণ করে না। তবে ভয় পেলে কোনও কোনও সময় আত্মরক্ষার জন্য তারা প্রতিরক্ষা করতে যায়। এরা এখানে বিরক্ত হয় না তাই আক্রমণ করার প্রবণতাটাও অনেক কম।”
Kolkata,West Bengal
July 13, 2025 12:55 AM IST