Last Updated:
পুরুলিয়া: মাঠে ধান রোপণ করতে যাওয়াই হল কাল। সেখান থেকে আর ফেরা হল না বাড়ি। বজ্রাঘাতে মৃত্যু হল এক গৃহবধুর। ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনাটি ঘটেছে ঝালদা থানার গুরিডি গ্রামে। ওই গ্রামের বাসিন্দা সুমিত্রা মাহাতো (৪৫)। তিনি ধান রোপণ করতে মাঠে গিয়েছিলেন বৃহস্পতিবার। সেখানে বজ্রপাতে মৃত্যু হয় তার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে নিজের চাষের জমিতে আরও কয়েকজন মহিলার সঙ্গে ধান রোপণ করছিলেন সুমিত্রা দেবী। সেই সময় আচমকা বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ঝালদা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই বিষয়ে মৃতার ভাইপো ধীরেন্দ্রনাথ মাহাতো বলেন, তার কাকিমা মাঠে কাজ করছিলেন। হঠাৎ বজ্রপাত হয়, আর তাতেই প্রাণ যায় তার পিসির। পরিবারের সকলেই এতে শোকোস্তব্ধ। তিনি সরকারের কাছে তার পিসির মৃত্যুর ক্ষতিপূরণের দাবি করেন।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 25, 2025 1:41 PM IST