Last Updated:
পুরুলিয়া: পুরুলিয়া জেলার কাশীপুরের প্রত্যন্ত একটি গ্রাম মাজরামুড়া। প্রায় ৬৫ টি চিত্রকর পরিবার নিয়ে এই গ্রাম গড়ে উঠেছে। যাদের উপার্জনের একমাত্র পথ বাড়ি-বাড়ি ঘুরে পটের গান গেয়ে ভিক্ষাবৃত্তি করা। এছাড়াও নিজেদের হাতে নিখুঁত পটচিত্র তৈরি করে সেগুলো বিক্রি করা। কয়েক বংশ ধরে এই শিল্পকেই তারা আঁকড়ে ধরে বেঁচে আছেন। পটচিত্রে বিভিন্ন পৌরাণিক ও সামাজিক কাহিনী ফুটিয়ে তোলেন তারা। অভাব তাদের চিত্রকলাকে হার মানাতে পারেনি। নতুন নতুন পটচিত্র তাদের ভাবনায় বাস্তবায়িত হয় প্রতিনিয়ত।
পুরুলিয়া জেলার বিভিন্ন প্রান্তের বহু মানুষ এখন এই মাজরামুড়া গ্রামে এসে তাদের হাতের তৈরি নিখুঁত পটচিত্রগুলো পছন্দ করে কিনে নিয়ে যান। তবে রাজ্যে পালাবদলের আগে এই অখ্যাত গ্রামকে চিনত না কেউই। ফলে তাদের পট ছিল অবহেলিত। বাড়ি-বাড়ি ঘুরে পটের গান গেয়ে কোনওভাবে সংসার চালাতেন তাঁরা। কিন্তু এখন সেই ছবিটা আর নেই। এক সময় যে মাজরামুড়া গ্রামে উন্নয়নের ছিটেফোঁটাও পৌঁছে ছিল না সেই গ্রাম আজ অনেকটাই উন্নত। থাকার বাসস্থান বলতে একসময় যাদের ছিল না কিছুই, তারা আজ পাকা বাড়িতে শান্তিতে বসবাস করছেন।
এলাকার প্রাক্তন বিধায়ক তথা কাশীপুর বিধানসভার তৎকালীন বিধায়ক স্বপন কুমার বেলথরিয়ার দীর্ঘ প্রচেষ্টায় রাজ্য সরকারের উদ্যোগে গ্রামের পাকা রাস্তা থেকে শুরু করে পানীয় জল, বৈদ্যুতিক আলো সমস্ত কিছুই আজ পৌঁছেছে। গ্রামের গর্ভবতী মায়েদের ও শিশুদের জন্য গ্রামে তৈরি করা হয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। উন্নয়নের ছোঁয়ায় সার্বিকভাবে এখন জীবন অনেকটাই পাল্টেছে তাদের।
শান্তনু দাস
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 31, 2025 3:08 PM IST