শহরের গেটবাজার এলাকায় এক সরু গলিতে, নিজের বাড়ির সামনের অংশে ছোট্ট দোকানটি চালান নিমাই দাস ও তাঁর স্ত্রী তাপসী দাস। এই দোকান নতুন নয়, দীর্ঘ ৪৫ বছর ধরে তাঁরা এই একই জায়গায়, একইভাবে মানুষের পাতে রাখছেন গরম শিঙাড়া আর কচুরি। এক সময় এক টাকায় পাওয়া যেত এক পিস শিঙাড়া বা কচুরি। জিনিসপত্রের দাম বাড়লেও তাঁদের দোকানে বদল এসেছে খুব সামান্যই, করোনা অতিমারির পরে শুধু এক টাকা থেকে বেড়ে হয়েছে দুই টাকা।
রোজ সন্ধ্যা নামলেই দোকানের সামনেটা যেন মিনি মেলায় রূপ নেয়। স্কুল থেকে ফেরা ছাত্রছাত্রী, বাজার ফেরত গৃহিণী, অফিস শেষে বাড়ি ফেরা মানুষ, সবার হাতে দেখা যায় ছোট্ট কাগজের ঠোঙা। ঠোঙার ভেতর গরম শিঙাড়া আর কচুরি — গেটবাজারের এই দুই টাকার সুখ!
১৮ বছর বয়সী ধীরাজ কুমার বলেন, “আমি যখন পঞ্চম শ্রেণিতে পড়তাম তখন এক টাকার শিঙাড়া খেতাম। এখন কলেজে পড়ি, শিঙাড়া দুই টাকা হয়েছে, কিন্তু স্বাদ একটুও বদলায়নি।” মূল্যবৃদ্ধির বাজারে দুই টাকায় কীই বা মেলে? এক বোতল জল নয়, এক কাপ চাও নয়, অথচ এখানে দুই টাকায় মেলে ভরসা। নিমাই দাস বলেন, “অনেকবার মনে হয়েছে দাম বাড়াই, কিন্তু এতগুলো মানুষের মুখের দিকে তাকিয়ে আর পারি না। যতটুকু বিক্রি হয়, সংসার চলে যায়, তার চেয়ে বেশি আর কী চাই!”
৪৫ বছরের এই যাত্রা প্রমাণ করে, ব্যবসা মানে শুধু লাভ নয়, মানুষকে নিয়ে বাঁচা। কোনও বড় সাইনবোর্ড নেই, চকচকে বিজ্ঞাপন নেই, আছে শুধু সাদামাটা হাসি, গরম শিঙাড়া আর মানুষের ভালবাসা। এখনও প্রতিদিন সন্ধ্যায় গেটবাজারের সেই সরু গলিতে ভিড় লেগেই থাকে, কেউ বলে “কাকু, দুটো দেবেন!” কেউ বলে “কাকিমা, দশটা ঠোঙায় দিন!” আর নিমাই দাস-তাপসী দাস দম্পতি চুপচাপ হাতে গরম শিঙাড়া ধরিয়ে দেন, ভিজে শহরটাকে আরেকটু উষ্ণ করে তোলেন।
Kolkata,West Bengal
July 18, 2025 2:16 AM IST
Shingara & Kachuri at Rs 2: মাত্র ২ টাকায় গরমাগরম কচুরি-শিঙাড়া! ৪৫ বছর ধরে নামমাত্র দামে বর্ষার সন্ধ্যাকে মুচমুচে করে চলেছেন এই দম্পতি