Last Updated:
অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেঙে এক মুহূর্তে ছিটকে গেল যাত্রীবাহী ট্রেনের কামরাগুলি। সজোরে কেঁপে উঠল রেলপথ, ধসে পড়ল সড়ক সেতুর একাংশ। যাত্রীদের চিৎকার, ধোঁয়ার ঘনঘটা আর ধ্বংসস্তূপের মধ্যে শুরু হল উদ্ধার তৎপরতা। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে সেতু ধসে ট্রেন লাইনচ্যুত হয়ে মৃত্যু হল অন্তত সাতজনের। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাঁদের মধ্যে দু’জন শিশু রয়েছে।
এই মর্মান্তিক ঘটনার কথা জানিয়েছেন ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেক্সান্দর বোগোমাজ। তাঁর কথায়, ‘‘রেললাইনের উপর সেতু ভেঙে পড়ায় সাতজনের মৃত্যু হয়েছে। ৩০ জন আহতকে, যাঁদের মধ্যে দু’জন শিশু, চিকিৎসার জন্য বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।’’
মস্কো রেলওয়ের দাবি, “পরিবহণ ব্যবস্থায় বেআইনি হস্তক্ষেপ”-এর ফলেই এই সেতু ধস। স্থানীয় সময় রাত ১০টা ৪৪ মিনিটে (জি এম টি ১৯৪৪) পিলশিনো ও ভিগোনিচি স্টেশনের মাঝখানে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী ট্রেনটি ক্লিমভ ও মস্কোর মধ্যে চলাচল করছিল বলে জানানো হয়েছে।
রাশিয়ার রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে অন্যান্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি। রাশিয়ার প্রশাসনের তরফে অনলাইনে যে ছবিগুলি প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ভেঙে পড়া সেতুর ধ্বংসস্তূপ, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। দুর্ঘটনাস্থল ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে।
June 01, 2025 8:33 AM IST