সামনেই দুর্গাপুজো। আর দুর্গাপুজোর রেশ কাটতে না-কাটতেই চলে আসবে লক্ষ্মীপুজো। এই দুই পুজোই বোধহয় নারকেল নাড়ু ছাড়া অসম্পূর্ণ! আর নারকেল নাড়ুর পাশাপাশি পুজোয় লাগে নারকেল সন্দেশও। তবে শুধু কি নাড়ু বা সন্দেশ বানাতেই নারকেল (Coconut) ব্যবহার করা হয়? তেমনটা কিন্তু একেবারেই নয়। আসলে নারকেলের গুণ অসাধারণ বললেও কম বলা হয়! কারণ রান্নাবান্না ছাড়াও কিন্তু ত্বক এবং চুলের পরিচর্যাতেও নিয়মিত ব্যবহার করা হয় নারকেল। এ-ছাড়া যে কোনও পুজো কিংবা শুভ অনুষ্ঠান এবং নতুন কোনও কিছু উদ্বোধনেও আবার গোটা নারকেলের প্রয়োজন হয়।
এখানেই শেষ নয়, নারকেলের প্রতিটি উপাদানই আমাদের কাজে লাগে। যেমন – নারকেল অথবা ডাবের জলের কথাই ধরা যাক। এটা তো প্রচণ্ড উপাদেয়ই! আর গলা ভেজানোর পাশাপাশি শরীরেও পুষ্টি জোগায় নারকেলের জল। আসলে নারকেলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেলস। এমনকী বলা হয় যে, গর্ভাবস্থায় নারকেলের কুচি খেলে আশ্চর্যজনক উপকার পাওয়া যায়। তাই এটি সুপারফুডের তালিকাতেও জায়গা করে নিয়েছে। আবার নারকেলের বাইরের অংশ বা ছোবড়াও পুজোর কাজের পাশাপাশি ঘর সাজানোর সামগ্রী তৈরিতেও ব্যবহৃত হয়। তাই আজ বিশ্ব নারকেল দিবসে (World Coconut Day 2022) এই ফলের কিছু উপকারিতার বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
আরও পড়ুন: উচ্চ রক্তচাপের সমস্যায় কম সোডিয়াম যুক্ত লবণ কি আদৌ নিরাপদ? জেনে নিন
আরও পড়ুন: মারাত্মক এই ক্ষতিগুলো এড়াতে এখনই বন্ধ করুন পাকা চুল টেনে তোলার বদ অভ্যাস
কোষ্ঠকাঠিন্যের সমস্যা:
বিশেষজ্ঞদের দাবি, নারকেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ফলে যাঁরা নিয়মিত কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন, তাঁদের নারকেল খাওয়া উচিত। শুধু তা-ই নয়, এতে পেট সংক্রান্ত সমস্যাও নিয়ন্ত্রণে থাকে।
চুলের জন্য:
ছোটবেলা থেকেই সাধারণত চুলে নারকেল তেল লাগানোর অভ্যেস তৈরি হয়ে যায়। কারণ আমরা সকলেই জানি যে, ঘন-কালো রেশমি একঢাল চুলের রহস্য লুকিয়ে থাকে ওই নারকেল তেলের ভিতরেই। চুলকে ভিতর থেকে পুষ্টি জোগায়, ফলে চুলের রুক্ষতা এবং শুষ্কতাও দূর হয়।
ত্বকের যত্নে:
শুধু চুলই নয়, ত্বকের যত্নেও ব্যবহার করা হয় নারকেল তেল। আর নারকেল তেলের মধ্যে উপস্থিত ফ্যাটজাতীয় উপাদান ত্বককে পুষ্ট করে। নিয়মিত ত্বকচর্চার রুটিনে নারকেল তেল যোগ করা হলে ত্বক হয় উজ্জ্বল এবং জেল্লাদার। এমনকী এতে বলিরেখা তো পড়েই না, সেই সঙ্গে ত্বকও হাইড্রেটেড থাকে।
ওজন কমাতে:
যাঁরা ওজন কমাতে চান, তাঁরা ডায়েটে নারকেল যোগ করতে পারেন। আসলে এর আশ্চর্যজনক গুণ কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সক্ষম। ট্রাইগ্লিসারাইডে ভরপুর নারকেল শরীরে জমে থাকা ফ্যাট দ্রুত কমাতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে:
কোভিড অতিমারিতে আমরা সকলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর গুরুত্ব আমরা সকলেই টের পেয়েছি। আর মজার বিষয় হল, ডাব খেলে বাড়ে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা। আসলে এটা সব ধরনের ভাইরাস এবং সংক্রমণের হাত থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে। এ-ছাড়াও বিভিন্ন রোগ-ব্যাধিও দূর করে নারকেল।
অ্যালজাইমার্সের ঝুঁকি কমাতে:
নারকেলে প্রচুর পরিমাণে ট্রাইগ্লিসারাইড রয়েছে। যা অ্যালজাইমার্সের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। শুধু তা-ই নয়, মানসিক স্বাস্থ্য ভাল রাখতেও নারকেলের জুড়ি মেলা ভার। তাই সুস্থ ভাবে জীবনযাপন করতে চাইলে রোজকার ডায়েটে নারকেল যোগ করতে হবে। তবে সবার আগে এটা মাথায় রাখা জরুরি যে, জীবনযাত্রায় কোনও রকম পরিবর্তন আনার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coconut, Coconut water