ঢাবি করেসপন্ডেন্ট
তিন দিন আগে অপহরণের শিকার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক সাইদা খালেক। তিন দিন পর সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি আবাসন প্রকল্প থেকে তার মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) সাভার থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া নিশ্চিত করেছেন।
অধ্যাপক নিজামুল হক ভূইয়া বলেন, সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি আবাসন প্রকল্প আছে। সেখানে তিনি বাড়ি তৈরি করছিলেন। প্রকল্পের পাশেই তিনি বাসা ভাড়া করে থাকতেন। তিন দিন আগে কে বা কারা তাকে অপহরণ করে নিয়ে যায়। আজ (শুক্রবার) তার মরদেহ পাওয়া গেছে আবাসন প্রকল্পের পাশেই। পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
বিশ্ববিদ্যালয়ের ওই আবাসন প্রকল্পের সভাপতি ও ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক শিকদার মনোয়ার মোরশেদ বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এরই মধ্যেই কয়েকজন আসামিকে পুলিশ ধরেছে বলে আমরা জানতে পেরেছি।
জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে অধ্যাপক সাঈদা খালেককে হত্যা করা হয়েছে। ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধ্যাপক সাঈদাকে হত্যার দায় স্বীকার করেছেন।
সারাবাংলা/আরআইআর/টিআর