শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৪৯ সময় দেখুন
আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ১১ জনকে বেরোবি থেকে স্থায়ী বহিষ্কার


রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চূড়ান্ত রায়ের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষক এবং আটজন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১১ জনকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সচিব ও বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

এর আগে, বুধবার বিশ্ববিদ্যালয়ের ১২৩তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে বিস্তারিত আলোচনা হয়।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেন— বেরোবির গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক প্রক্টর শরিফুল ইসলাম।

এ ছাড়া বহিষ্কৃত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে রয়েছেন— অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহাবুবার রহমান ওরফে বাবু, তৎকালীন সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফান, সেকশন অফিসার মো. মনিরুজ্জামান পলাশ, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নূর আলম মিয়া এবং এমএলএসএস এ কে এম আমির হোসেন।

এর আগে গত ৯ এপ্রিল আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। রায়ের কপি পাওয়ার পর বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে উপস্থাপন করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ‘শহিদ আবু সাঈদের হত্যার সঙ্গে জড়িতদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আদেশের কপি আমরা গত পরশুদিন পেয়েছি। কপি পাওয়ার পর বিষয়টি সিন্ডিকেটে উপস্থাপন করা হয়। শহিদ আবু সাঈদের প্রতি সম্মান এবং তার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্টদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।’

প্রসঙ্গত, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন চলাকালে ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ১নং গেট-সংলগ্ন স্থানে (বর্তমান শহিদ আবু সাঈদ গেট) পুলিশের গুলিতে নিহত হন বেরোবি ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী বিপ্লবী আবু সাঈদ। তার মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করে আন্দোলন চলতে থাকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে, যা শিক্ষক-কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় আরও কিছু সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর