শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

‘ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৯৯ সময় দেখুন
‘ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে সরকার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘গত ১২ বছর যারা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে আছে, শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা এ দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসকে সম্পূর্ণভাবে বিকৃত করে জনগণকে ও এই প্রজন্মকে বিভ্রান্ত করছে। আমাদের মুক্তিযোদ্ধাদের ত্যাগ, সাহসিকতাকে আমরা বার বার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই এবং তাদের সেই প্রেরণা নিয়ে আমরা একটি সুখী সমৃদ্ধ, গণতান্ত্রিক, স্বনির্ভর, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ গড়তে চাই— এটাই হোক আমাদের শপথ।’

বুধবার (৭ জুলাই) বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই অভিযোগ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে জেড ফোর্স গঠনের দিনটিকে স্মরণ করতে এই আলোচনা সভা আয়োজন করে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটি।

১৯৭১ সালের ৭ জুলাই মুক্তিবাহিনীর প্রথম সামরিক বিগ্রেড জেড ফোর্স গঠন করা হয়। এই পদাতিক বিগ্রেডের নেতৃত্বে দেন এক নাম্বার সেক্টার কমান্ডার মেজর জিয়াউর রহমান।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা যখন প্রকৃত ইতিহাসের কথা বলি তখন আওয়ামী লীগের কাছ থেকে বিরুপ প্রতিক্রিয়া আসে। কারণ, তাদের গায়ে জ্বালা ধরে যায়। যদি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্ম জানে, যদি ৫০ বছরের স্বাধীনতার ইতিহাস জানে আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো ক্ষেত্র থাকবে না। আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকবে না। সেজন্য তারা মুক্তিযুদ্ধে ইতিহাসকে বিকৃত করছে।’

‘বিএনপি মুক্তিযুদ্ধের ঘোষকের দল, মুক্তিযোদ্ধাদের দল, গণতন্ত্রের পক্ষে দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। সেজন্য বিএনপির দায়িত্ব প্রকৃত ইতিহাসকে সামনে তুলে এনে নতুন ভবিষ্যত তৈরির জন্য আজকের প্রজন্মকে পথ দেখানো,’— ড. খন্দকার মোশাররফ।

জেড ফোর্সের অন্যান্য সেনা কর্মকর্তা অলি আহমেদ, সাদেক হোসেন, আবদুল হালিম, হুমায়ুন হাই, মইনুল হোসেন চৌধুরী, জিয়াউদ্দিন, সাফায়েত জামিল, আবু জাফর মো. আমিনুল হক, বজলুল গনি পাটোয়ারি, মাহবুবুর রহমান, হাফিজ উদ্দিন, আবদুল কাইয়ুম চৌধুরী, শমসের মবিন চৌধুরী, মহসিন উদ্দিন আহমেদ, আশরাফুল আলম, আনোয়ার হোসেন, আকবর হোসেন, মহসিন উদ্দিন, এসআইএম নুরুন্নবী খান, খালিকুজ্জামান চৌধুরী, মোদাচ্ছের হোসেন খান, মাহবুবুল আলম, ওয়াকার হাসানসহ অন্যদের নামও ড. খন্দকার মোশাররফ হোসেন স্মরণ করেন।

ক্ষমতাসীন দলের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলছেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন না বলেছেন। যদি তাই হয়, তার অধীনে যারা বিভিন্ন পদকে ভূষিত হয়েছিলেন, তারাও কি পাকিস্তানের চর ছিলেন?— এ বিষয়টি জনগণের কাছে পরিষ্কারভাবে বলতে হবে সরকারকে।’

জেড ফোর্সের অন্যতম সেনা কর্মকর্তা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘জেড ফোর্স ছিল মুক্তিযুদ্ধের প্রথম বিগ্রেড। এটি ছিল একটি পূর্ণাঙ্গ বিগ্রেড। অন্য যে দুইটি বিগ্রেড ছিল— কে ফোর্স ও এস ফোর্স, সেখানে দুইটি করে পদাতিক ব্যাটেলিয়ান ছিল। কিন্তু জেড ফোর্সে তিনটি পদাতিক ব্যাটেলিয়ান ছিল। এই জেড ফোর্স ছিল বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী একটি বিগ্রেড যারা রণাঙ্গনে অনেক গৌরবদীপ্ত ভূমিকা রেখেছে। জেড ফোর্স স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে বেশি সাহসিকতা পদক অর্জন করেছে এবং আত্মদানে ও শহিদের সংখ্যাও সবচেয়ে বেশি এই জেড ফোর্সে।’

‘দুঃখের বিষয় আমরা যারা বিএনপি করি, আমরা নিজেরাই জানি না জেড ফোর্সের কথা। সিলেটে কোথায় যুদ্ধ হয়েছে, আমি সিলেটের নেতাদের জিজ্ঞাসা করেছি। তারাও বলতে পারেনি। এই হলো বাস্তবতা। যখন আমরা ক্ষমতায় থাকি তখন জীবিত নেতাদের তোষামদে ব্যস্ত থাকি। যখন ক্ষমতায় থাকি তখন জেড ফোর্সে নামও শোনা যায় না। এখন কিছুটা শুনতে পারছি, সেজন্য দলের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটিতে ধন্যবাদ জানাতে চাই,’— বলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

তিনি আরও বলেন, ‘জেড ফোর্সে সমরনায়কদের মধ্যে চার জন বিএনপিতে ছিলেন। একজন কর্নেল আকবর হোসেন— তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বাকি দুই জন কর্নেল অলি আহমেদ ও মেজর শমসের মবিন চৌধুরী— তারা অন্য দলে চলে গেছেন। আমি একমাত্র কোনো ক্রমে অনেক অস্বস্তি নিয়ে এখনো টিকে আছি।’

দলের স্বাধীনতা সুবর্ণজয়ন্তী মুক্তিযোদ্ধা সম্মাননা কমিটির আহ্বায়ক ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তমের সভাপতিত্বে ও সদস্য সচিব কর্নেল (অব.) জয়নাল আবেদীনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর (অব.) জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খানসহ অন্যরা।

সারাবাংলা/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর