আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহিন ওমানের রাজধানী মাস্কাটের দিকে অগ্রসর হচ্ছে। এ ঘূর্ণিঝড়ের প্রভাবে মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে।। এছাড়া ওমানে দুই দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে।
ওমানের আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মাস্কাট দিকে ঘূর্ণিঝড় শাহিন ধেয়ে আসছে। রোববার এ ঝড় রাজধানীতে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৯ কিলোমিটার পর্যন্ত।
আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঝড়টির আঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে উত্তর আল বাতিনাহ, আল দরিয়া, আল বুরাইমি ও আল দাখিয়া অঞ্চল।
স্থানীয় সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, বন্যার পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
ওমানের জাতীয় জরুরি কমিটি জানিয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে রাজধানী মাস্কাটের পূর্বে আল কুরমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এছাড়া ওই অঞ্চলের ২৭০০ মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে।
অন্যতম তেল রফতানিকারক দেশ ওমানের জনসংখ্যা প্রায় ৫০ লাখ। দেশটির বেশিরভাগ নাগরিক রাজধানী ওমান ও এর আশেপাশের এলাকায় বসবাস করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঝড়টি না থামা পর্যন্ত শহরের রাস্তায় শুধুমাত্র জরুরি ও মানবিক কারণে যানবাহন চলবে।
এছাড়া রবি ও সোমবার দুই দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে দুই দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ ঘোষণা করা হয়েছে।
সারাবাংলা/আইই