আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে একটি প্রতারণা চক্র ইলেক্ট্রনিক্স পণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এতে দুই ব্যবসায়ী খুইয়েছেন এসি, এলইডি টিভি ও সিলিং ফ্যান।
শনিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ করেন জিয়াউল হক ও মোহাম্মদ ইব্রাহিম নামের দুই ব্যবসায়ী।
অভিযোগ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) রাতে প্রতারক চক্রের সদস্য ভোক্তভোগীদের মুঠোফোনে কল দিয়ে নিজেকে আনোয়ারা থানার ওসি মোঃ মনির হোসেন পরিচয় দিয়ে তাদের কাছ থেকে কিছু ইলেক্ট্রনিক্স পণ্য কেনার বিষয়ে বলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে কাফকো সেন্টারের আল-মদিনা ইলেক্ট্রনিক্স থেকে ১টি ৩২ ইঞ্চি স্মার্ট টিভি এবং দুইটি সিলিং ফ্যান ও বটতলী রুস্তম হাটের শাহ আমানত ইলেকট্রনিক্স থেকে ১টি ফ্রিজ ওসি পরিচয়দারী প্রতারক চক্রের পাঠানো পিক-আপে তুলে দিতে বলেন। এসব পণ্যের মূল্য বিকাশে কিংবা তার অধিনস্থ অফিসার পাঠিয়ে বিকেলে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। পরে প্রতিশ্রুতি মত উল্লিখিত প্রতারক চক্রের মুঠোফোনে কল দিলে মুঠোফোনটি বন্ধ পাওয়ায়। পরবর্তীতে থানায় খোঁজ-খবর নিয়ে তারা প্রতারণার শিকার হওয়ার বিষয়ে নিশ্চিত হয়।
ব্যবসায়ী জিয়াউল হক জানান, প্রতারণা চক্রটি আনোয়ারা থানার ওসি পরিচয় দিয়ে আমার দোকান থেকে এলইডি টিভি ও সিলিং ফ্যান হাতিয়ে নেন। ওসির ছবি সংযুক্ত হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসায় সত্যতা যাচাই না করে প্রতারক চক্রের পাঠানো গাড়িতে মালামাল গুলো তুলে দিয়েছি। পরে প্রতারণার শিকার হয়েছি বিষয়টি নিশ্চিত হওয়ার পর আইনের আশ্রয় নিয়েছি।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, আমার নাম ভাঙ্গিয়ে প্রতারণা করার বিষয়ে ২টি অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসময় তিনি এসব প্রতারণার বিষয়ে সবাইকে সজাক এবং সচেতন হওয়ার আহ্বান জানান।