আন্তর্জাতিক ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগামী প্রাইমারি নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করেছে কলোরাডোর আদালত। তিন বছর আগে মার্কিন ক্যাপিটল হিলে দাঙ্গার কারণে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে আদালত।
কলোরাডোর আদালতে ইউএস ক্যাপিটল হিলের দাঙ্গার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। এতে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর ধারা ৩ এর প্রথম ব্যবহার হলো ট্রাম্পের বিরুদ্ধে।
ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি ক্যাম্পেইন অফিস এই সিদ্ধান্তকে গণতন্ত্রবিরোধী বলে অভিহিত করেছে এবং আপিল করার অঙ্গীকার করেছে।
এর আগে নিউ হ্যাম্পশায়ার, মিনেসোটা এবং মিশিগানে ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রচেষ্টা শেষ পর্যন্ত আদালতে টেকেনি।
তবে মঙ্গলবার দেওয়া আদালতের রায় আগামী মাস পর্যন্ত আপিল মুলতুবি রাখা হয়েছে। কলোরাডো ছাড়া অন্য রাজ্যতে এই রায় প্রযোজ্য নয়। এই রায়টি শুধুমাত্র আগামী ৫ মার্চ রাজ্যের প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। ওই নির্বাচনে রিপাবলিকান ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বেছে নেবেন। তবে ট্রাম্পের বিরুদ্ধে কলোরাডো আদালতের এই সিদ্ধান্ত আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রভাব ফেলতে পারে।
সারাবাংলা/আইই