#কলকাতা: গোটা বিশ্ব জুড়ে বিপর্যস্ত ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম পরিষেবা (Facebook Whatsapp Instagram down globally)৷ এ দিন ভারতীয় সময় রাত ৯টা থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই তিনটি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে গিয়েই সমস্যায় পড়ে অভিযোগ জানাতে থাকেন ব্যবহারকারীরা৷ ভারতেও ফেসবুক (Facebook), হোয়াটসঅ্যাপ (Whatsapp) এবং ইনস্টাগ্রাম (Instagram) পরিষেবা প্রায় বন্ধ রয়েছে৷ মোবাইলের মতো ডেস্কটপ থেকেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম খোলা যাচ্ছে না৷
আরও পড়ুন: XCheck নামে নতুন ফিচার আনছে Facebook, এবার সমস্যায় পড়তে পারেন বহু ইউজার
সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় তিনটি অ্যাপের মালিকানাই রয়েছে ফেসবুকের (Facebook) হাতে৷ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসার পর ফেসবুকের তরফে বিবৃতি দিয়ে সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে (Facebook Whatsapp Instagram down globally)৷ ফেসবুক কাজ না করায় থমকে গিয়েছে মেসেঞ্জারও৷
ফেসবুকের (Facebook) ওয়েবসাইটে বিবৃতিতে জানানো হয়েছে, ‘কিছু সমস্যা হয়েছে, তার জন্য আমরা দুঃখিত৷ আমরা বিষয়টি নিয়ে কাজ করছি এবং যত দ্রুত সম্ভব পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে৷’ সমস্যার কথা জানিয়ে ট্যুইটারে হোয়াটসঅ্যাপের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে৷
হোয়াটসঅ্যাপের (Whatsapp) তরফে ট্যুইট করে জানানো হয়েছে, ‘হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে যে অনেকে সমস্যায় পড়ছেন, সে বিষয়ে আমরা অবহিত৷ পরিষেবা স্বাভাবিক করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি৷ পরিষেবা ঠিক হলেই নোটিফিকেশন পাঠানো হবে৷’
We’re aware that some people are experiencing issues with WhatsApp at the moment. We’re working to get things back to normal and will send an update here as soon as possible.
Thanks for your patience!
— WhatsApp (@WhatsApp) October 4, 2021
ডাউনডিটেক্টর ডট কম নামে একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রায় কুড়ি হাজার ব্যবহারকারী ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছেন৷ নেটব্লক্স নামে অন্য একটি ওয়েবসাইটের তরফেও জানানো হয়েছে, নির্দিষ্ট কোনও দেশের ইন্টারনেট সমস্যার জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম পরিষেবায় প্রভাব পড়েনি৷