
ডেস্ক রিপোর্ট:: রাজধানীর রামপুরায় বিটিভি ভবনের সামনে রাইদা পরিবহনের একটি বাস থেকে এক শিক্ষার্থীকে ঘাড় ধাক্কা দিয়ে নামানোর অভিযোগে পরিবহনটির প্রায় ৫০টি বাস আটক করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় ওই সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সোমবার (১৫ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিট নাগাদ এ ঘটনা ঘটে। তবে শিক্ষার্থীর পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাইদা পরিবহনের একটি বাস যখন বিটিভি ভবনের সামনে আসে তখন বাসে থাকা এক শিক্ষার্থী চেকারকে হাফ ভাড়া নেওয়ার কথা বলে। চেকার তা না নিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। এ সময় ওই শিক্ষার্থী তার আশপাশের বন্ধুদের ফোন দিয়ে বিষয়টি জানালে বেশ কয়েকজন শিক্ষার্থী এসে রাইদা পরিবহনের প্রায় ৫০টি বাস আটক করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করলে তারা সড়ক থেকে সরে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে। বাস কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের নিয়ে বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলেও জানান ওসি।