আন্তর্জাতিক ডেস্ক
ভারতের ঝাড়খণ্ড রাজ্য থেকে ঘোষণা না দিয়েই পানি ছেড়ে দেওয়ায় পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার গ্রামঞ্চল প্লাবিত হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, ঘোষণা না দিয়ে ব্যারেজ থেকে পানি ছাড়া অপরাধ। ঝাড়খণ্ডের কারণেই রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি, এই বন্যা পরিস্থিতিকে মানবসৃষ্ট বলে অ্যাখ্যা দিয়েছেন তিনি।
ঝাড়খণ্ডের কর্মকাণ্ডে হতাশ মমতা বলেন, না জানিয়ে রাত ৩টার সময় পানি ছাড়লে মানুষ ঘুমের মধ্যেই ভেসে যাবে। এটা পাপ। এটা অপরাধ। আগে থেকে জানা গেলে অনেক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া যেত। ঝাড়খণ্ডের বোঝা পশ্চিমবঙ্গ কেন নেবে?
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড থেকে ৮০ হাজার কিউসেক পানি ছাড়া হয়; শুক্রবার সকালে এর পরিমাণ দাঁড়ায় এক লাখ ৪৫ হাজার কিউসেক। এর ফলে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়।
আনন্দবাজার জানিয়েছে, অবিরাম বৃষ্টিতে এমনিতেই বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে ছিল, বাড়ছিল নদীর পানির স্তর। এর মধ্যেই মাইথন, পাঞ্চেত, ডিভিসির জলাধার থেকে পানি ছাড়ায় নদীগুলো ফুলে ফেঁপে ওঠে।
বন্যা পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সাধ্যমত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান হরিকৃষ্ণ।
দুর্যোগ মোকাবিলা বাহিনীর পাশাপাশি বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পানি নামার পরই ক্ষয়ক্ষতির প্রকৃতচিত্র পাওয়া যাবে, বলেছেন পশ্চিমবঙ্গের এ মুখ্যসচিব।
এদিকে, অবিরাম বৃষ্টিতে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং দুই মেদিনীপুরেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দামোদর, দ্বারকেশ্বর, রূপনারায়ন ও অজয় নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। হাওড়া, হুগলি থেকে পানি নামা শুরু করেছে; সেক্ষেত্রে ঘাটাল শহর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন হরিকৃষ্ণ।
এর মধ্যেই সেখানে বাড়িভেঙে শিশুসহ দুই জনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
সারাবাংলা/একেএম