কলকাতা : বর্ষায় কলকাতাবাসীর ভোগান্তির তালিকায় ডেঙ্গির পাশাপাশি ঘাতক হয়ে উঠেছে ম্যালেরিয়াও৷ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার প্রাণ হারালেন ৬৮ বছর বয়সি গৌর হালদার৷ তিনি দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের বাসিন্দা৷ টালিগঞ্জের এম আর বাঙুর হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল৷ হাসপাতালেই মঙ্গলবার বিকেলে মৃত্যু হয় এই প্রৌঢ়ের৷ চিকিৎসকরা জানিয়েছেন তিনি ফ্যালসিপ্যারাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন৷
সার্বিক ভাবেই কলকাতা-সহ রাজ্যে মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে৷ বাংলা ক্যালেন্ডারে আশ্বিন মাস পড়ে গেলেও বিদায় নেয়নি বর্ষা৷ সোমবার পর্যন্ত গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন অংশে চলেছে বৃষ্টিপাত৷ তার জেরে বেড়েছে মশার সমস্যাও৷
যদিও মঙ্গলবার মুখ্যসচিব যা জানালেন, তাতে আশা করাই যায়, হয়তো দ্রুত রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে৷ তিনি এ দিন জানিয়েছেন, ‘‘আমার কাছে পুরো তথ্য এখনও নেই। তবে এখন ডেঙ্গি কমছে। দু’ সপ্তাহ আগে একটা পিক ছিল। এখন এটা কমে আসছে। মিউনিসিপ্যালিটি এলাকাও নেই, ১৩০টা আরবান এরিয়া আমরা চিহ্নিত করেছি, যেটায় আমরা পদক্ষেপ করছি পরিষ্কার করার ক্ষেত্রে।’’ তাঁর আশ্বাস, দু’ সপ্তাহের মধ্যে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে বলে আশা করা যাচ্ছে৷
কলকাতা সংলগ্ন অংশের মধ্যে দমদম, উত্তর দমদম এবং দক্ষিণ দমদম— তিন পুরসভায় ডেঙ্গি পরিস্থিতি উদ্বেগজনক৷ ডেঙ্গি আক্রান্ত হলে কী করতে হবে, সেই নিয়েও এদিন পরামর্শ দেন মুখ্যসচিব৷ তিনি বলেন, ‘‘জ্বর হলেই ডেঙ্গি টেস্ট করিয়ে নিন,আমরা অনুরোধ করছি। আমরা মোট ৫ লক্ষ মশারি নতুন করে বিলি করার পরিকল্পনা করেছি৷ আজ থেকেই সেই কাজ করা হচ্ছে। বস্তিগুলোতে দেওয়া হচ্ছে। খুব শীঘ্রই ডেঙ্গির উপরে প্রশাসন নিয়ন্ত্রণের রেখা টানতে পারবে৷’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।