শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে নির্বাচনে আসুন: কাদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১১৮ সময় দেখুন
তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে নির্বাচনে আসুন: কাদের


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপিকে তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামিয়ে ফেলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সোজা কথা সোজা পথে আসুন, নির্বাচনে আসুন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের ভূত মাথা থেকে নামাতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের ভূত নামিয়ে ফেলুন। সোজা কথা সোজা পথে আসুন, নির্বাচনে আসুন। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে। সরকার রুটিন দায়িত্ব পালন করবে। মূল দায়িত্ব নির্বাচন কমিশনের। সরকারের আইন প্রয়োগকারী সংস্থাও নির্বাচন কমিশনের অধীনে থাকবে৷ দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো একটা রুটিন সরকার থাকতে হয়। সরকার না থাকলে কার হাতে দেশ? কার হাতে দেব, আপনাদের হাতে দেব?

তিনি বলেন, কত গণআন্দোলন করলেন, ঘন ঘন বললেন গণআন্দোলন করবেন। ১৩ বছর চলে গেল দেখতে দেখতে। রোজার ঈদ, কোরবানির ঈদ, পরীক্ষার পর বর্ষার পর, এই করতে ১৪ বছরে কতবার আন্দোলনের ডাক, দেখতে দেখতে ১৩ বছর! আন্দোলন হবে কোন বছর?

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের হাঁকডাকে আওয়ামী লীগ ভীত এমন উদ্ভট চিন্তা কি করে করেন? আমি আবারও বলছি আমরা প্রস্তুত আছি, সক্রিয় আছি। সতর্ক অবস্থায় সংযমী হয়ে আমরা থাকবো রাজপথে ছিলাম রাজপথে আন্দোলন করেই ক্ষমতায় এসেছি। তাই আন্দোলনের ভয় আওয়ামী লীগকে দেখাবেন না।

বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, আপনারা আসেন, মাঠে আসেন। তবে লাঠি নিয়ে আসলে খবর আছে। কারণ জাতীয় পতাকার সঙ্গে লাঠি পতাকার অবমাননা। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা আমরা মেনে নেব না।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের এক বছর দুই-তিন মাস বাকি আছে। আমাদের জাতীয় কাউন্সিল ডিসেম্বর মাসে। আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করব, এই যে এতো অর্জন এতো উন্নয়ন শেখ হাসিনার দুই চারজনের অপরাধের জন্য যেন ম্লান না হয়।

আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আওয়ামী লীগের পরিচয় আমাদের সহযোগী সংগঠনের পরিচয় যারাই অপকর্ম করবে কাউকে ছাড় দেয়া হবে না। কোন অপরাধীকে ছাড় দেবে না। তার এত বড় সাফল্যকে ম্লান হতে দেবে না এই অপকর্মকারীদের জন্য।

তিনি বলেন, আমি স্পষ্ট ভাবে বলতে চাই, দোষ করে গুটিকয়েক, দুর্নাম হয় গোটা সরকারের। দুর্নাম হয় গোটা পার্টির। এটা আমরা হতে দেব না। সকলকে এ কথা স্মরণ করিয়ে দিচ্ছি। কাজেই যারা যেখানে অপকর্ম করছেন সব খবর কিন্তু নেত্রীর কাছে। সবার এসিআর আছে। সময়মতো টের পাবেন। কেউ কেউ টের পাচ্ছেন, বাকিরা সামনে পাবেন।

জনপ্রতিনিধি হয়ে জমিদারি করবেন, শেখ হাসিনা সেটা কোনদিনও ক্ষমা করবে না। যারা এ ধরনের কর্মকাণ্ড করে তারা শেখ হাসিনার দলে থাকতে পারে না, বঙ্গবন্ধুর দলে থাকতে পারে না বলেও জানান ওবায়দুল কাদের।

স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, নাট্য শিল্পী লাকী ইনাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো- ভিসি অধ্যাপক ছায়েফ উদ্দিন আহমেদ ও কোষাধ্যক্ষ অধ্যাপক আতিকুর রহমান এবং স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

সারাবাংলা/এনআর/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর