আন্তর্জাতিক ডেস্ক
সামাজিক যোগাযোগ মাধ্যমে আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠী তালেবানকে সমর্থন করায় ভারতের আসামে অন্তত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামের শীর্ষ এক পুলিশ কর্মকর্তা সংবাদমাধ্যমে জানান, গ্রেফতারকৃতরা আফগানিস্তানে ২০ বছর পর ক্ষমতার দখল নেওয়া তালেবানকে সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে।
ওই শীর্ষ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, আসামের ১১ জেলা থেকে এ পর্যন্ত মোট ১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে তেজপুর মেডিকেল কলেজের এক এমবিবিএস শিক্ষার্থীও রয়েছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের কেউ কেউ সরাসরি তালেবানকে সমর্থন জানিয়েছেন। আবার কেউ কেউ তালেবানকে সমর্থন না করায় ভারত সরকার ও সংবাদমাধ্যমগুলোর সমালোচনা করেছেন।
আসাম পুলিশের বিশেষ শাখা এদের গ্রেফতার করে। আসামের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল ভায়োলেট বারুয়া বলেন, ‘আসাম পুলিশ সোশ্যাল মিডিয়ায় জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর তালেবানপন্থী মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে’।
তিনি টুইট করে বলেন, ‘আমরা এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছি। এ ধরনের কর্মকাণ্ড যদি আপনার নজরে আসে তবে দয়া করে পুলিশকে জানান’।
সারাবাংলা/আইই