শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

দেশে এখন ৫ কোটি বেকার: চুন্নু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৭ সময় দেখুন
দেশে এখন ৫ কোটি বেকার: চুন্নু


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশে বেকার সমস্যা মহামারি আকার ধারণ করেছে উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, গত ৩২ বছরে কোনো সরকার বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়নি। এখন ৫ কোটি বেকার। এদের একটা বিপথগামী অংশ সরকারি দলের ছত্রচ্ছায়ায় দলবাজির নামে চাঁদাবাজি, দখলবাজি, মাদক কারবার, সন্ত্রাসের সঙ্গে জড়িত হয়ে আয়-রোজগারের ব্যবস্থা করছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা ক্রমেই বেকার তৈরি করে যাচ্ছে।

রোববার (৫ মার্চ) বনানীতে অবস্থিত দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় প্রাক্তন সৈনিক পার্টি, মুক্তিযোদ্ধা পার্টি ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অরাজকতা, নাশকতা ও সহিংসতা তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। আমরা রাষ্ট্র ক্ষমতায় এলে বেকার তৈরির বর্তমান শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করব। কোটি কোটি বেকারের কর্মসংস্থানের জন্য কার্যকর ব্যবস্থা নেব।’

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছিলাম—এমন মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় বসে আওয়ামী লীগ স্বজনপ্রীতি, দুর্নীতি, দুঃশাসন, লুটপাটের রেকর্ড গড়ে স্বাধীনতার চেতনা ভূলুণ্ঠিত করে জনগণের আস্থা হারিয়েছে। বিএনপিও ক্ষমতায় থেকে হাওয়া ভবন তৈরির মাধ্যমে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করে দুর্নীতিবাজ হিসেবে মানুষের কাছে চিহ্নিত হয়েছে।

জনগণ আগামী নির্বাচনে এই দুই দলকেই প্রত্যাখ্যান করবে উল্লেখ করে চুন্নু বলেন, জনগণ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও জাতীয় প্রাক্তন সৈনিক পার্টির সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খান, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, জাতীয় মুক্তিযুদ্ধ প্রজন্ম পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম মিন্টু, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রেজাউল করিম বাছেদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন মিলন, মাহমুদ আলম, সমরেশ মণ্ডল মানিক, সামছুল আলম লিপ্টন প্রমুখ।

সারাবাংলা/ এ এইচ এইচ/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর