নূর আলম, নীলফামারী প্রতিনিধি :: ভালো কাজের স্বীকৃতি স্বরুপ নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৫০জন সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিল্পকলা অডিটোরিয়ামে জেলা সমাবেশে পুরস্কার হিসেবে সাইকেল, সেলাই মেশিন, ছাতা ও কাঁচের মগ দেয়া হয় তাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি’র রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মির্জা মুরাদ হাসান বেগ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের
মেডিক্যাল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, আনসারও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোজাহেদুল ইসলাম বক্তব্য দেন।
এতে স্বাগত বক্তব্য দেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী। এছাড়া অবসরপ্রাপ্ত জেলা কমান্ড্যান্ট বীর মুক্তিযোদ্ধা কেফায়েত হোসেন বক্তব্য দেন সমাবেশে।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জ পরিচালক আব্দুস সামাদ বলেন, মানুষের নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্যরা সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। জাতীয় ও স্থানীয় নির্বাচন, বিভিন্ন ক্রান্তিকালে আনসার ও ভিডিপি সদস্যরা নিরাপত্তা দেয়ার পাশাপাশি মানবিক কার্যক্রমেও অংশ নিয়ে থাকে। যার কারণে আনসার ভিডিপি দেশ বিদেশে সুনাম কুড়িয়েছে।
বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ পদক্ষেপের ফলে বাহিনীটি আধুনিক ও যুগোপযোগী বাহিনীতে সমৃদ্ধ হচ্ছে।
জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী জানান, করোনাকালীন ৫হাজার লিফলেট, ৩হাজার মাস্ক, ৫’শ হ্যান্ড স্যানিটাইজার, ৩’শ অস্বচ্ছল র্ভিডিপি সদস্যকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া করোনা ভ্যাকসিন কার্যক্রমের নিরাপত্তায় ৪৬০০জনকে মোতায়েন করা হয়েছে। বর্তমানে জেলার ৪০টি গুরুত্বপুর্ণ সংস্থায় ৩৯৫জন আনসার অঙ্গীভুত হয়ে আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ ১৫জনকে সাইকেল, ৪জনকে সেলাই মেশিন, ২৪জনকে ছাতা এবং ২০৭জনকে কাঁচের মগ তুলে দেন অতিথি গণ।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এতে ছয় উপজেলার আনসার ও ভিডিপি সদস্যরা অংশগ্রহণ করেন।